২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও দাম না থাকায় হতাশ আলু চাষীরা

জেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও বাজারে ভাল দাম না থাকায় কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। অনেক কৃষকের উৎপাদন খরচও উঠছে না বলে জানা গেছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 01:30 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

স্থানীয় কৃষি অফিস সূত্র জানায়, জেলায় এবার ৫ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৬ হাজার ৩’শ ৫০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ৬২ দশমিক ৫০ মেট্রিক টনের বিপরীতে উৎপাদন হয়েছে ৮৫ দশমিক ৭২৫ মেট্রিক টন।

কৃষকরা জানান, অন্যান্য শস্যের চেয়ে জমিতে আল্ইু সবচেয়ে বেশি হয়। তাই অধিক মুনাফার আশায় বেশি জমিতে আলু রোপণ করা হয়েছিল। ফলনও ভাল হয়েছে, কিন্তু আশানুরুপ দাম পাওয়া যাচ্ছে না।

জেলার বিভিন্ন হাট বাজারে খোঁজ নিয়ে এবং কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর যেখানে প্রতিমণ আলু বিক্রি হয়েছে ২১০ থেকে ২২০ টাকায় এবার তা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়।

‘ইবার থাইকা আর বেশি জমিনে আলু করতাম না ভাই, বেশি আলু কইরা কি লাভ? বাজারে দাম নাইকা, ইবার থাইকা শুধু খাওনের লাইগা আর বিচনের (বীজ) লাইগা আলু করুম’। জেলার একটি বাজারে আলু বিক্রি করতে এসে এভাবেই হতাশা ব্যক্ত করেন কৃষক মোসাদ্দেক আলী। তার মতই অবস্থা জেলার প্রায় সব আলু চাষীর।

চলতি মৌসুমে কৃষকরা চড়ামূল্যে বীজ ও সার কিনে আলু চাষ করায় উৎপাদন খরচ অনেক বেশি পড়েছে, কিন্তু দাম কম থাকায় উৎপাদন খরচ তুলতে পারছেন না বলে কৃষকরা জানান।