কক্সবাজারে দু‘দিনের বৃষ্টিপাতে লবণ শিল্পের ব্যাপক ক্ষতি
কক্সবাজারে দু’দিনের বৃষ্টিপাতে দেড় কোটি টাকার লবণ বিনষ্ট হয়েছে। বৃষ্টির পানিতে মিশে গেছে প্রায় ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত লবণ। ফলে আগামী ১০ দিন পর্যন্ত কোনও লবণ উৎপাদন হবে না।
গত ১০ এপ্রিল সকাল ১০টা থেকে হঠাৎ করে কক্সবাজার জেলার বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। দীর্ঘ দু’ঘন্টা টানা বৃষ্টিপাতের পর থেমে থেমে বৃষ্টি হতে থাকে এবং দুই দিন পর্যন্ত তা অব্যাহত থাকে।
স্থানীয় আবহাওয়া অফিস ১০ এপ্রিল ৮০ মিলিমিটার ও ১১ এপ্রিল ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। তারা জানায়, এখন কালবৈশাখীর সময়, ফলে যেকোনও সময় বৃষ্টিপাত হতে পারে।
এদিকে দু’দিনের বৃষ্টিপাতে কক্সবাজার জেলা ও চট্টগ্রামের বাঁশখালী এলাকায় লবণ মাঠে বৃষ্টির পানি জমে সব লবণ নষ্ট হয়ে গেছে। মাঠে মজুদকৃত প্রায় ১ লাখ মেট্রিক টন লবণ পানিতে মিশে গেছে। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
এছাড়াও লবণ মাঠে পানি জমে যাওয়ার কারণে আগামী ১০ দিন পর্যন্ত কোনও মাঠেই লবণ উৎপাদন করা যাবে না বলে স্থানীয় চাষীরা জানান। হঠাৎ বৃষ্টিপাতের জন্য মজুতকৃত লবণ সরিয়ে নেয়ার সুযোগ চাষীরা পাননি। এ নিয়ে লবণ চাষীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
এদিকে কক্সবাজার বিসিকের লবণ শিল্প প্রকল্পের পরিচালক ড. সালেহ উদ্দিন জানান, এ বছর লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা সাড়ে ১১ লাখ মে. টনে নির্ধারণ করা হয়েছে।
গত জানুয়ারি মাসে লক্ষ্যমাত্রার ৩ শতাংশ, ফেব্র“য়ারিতে ২০ শতাংশ, মার্চ মাসে ৩৫ শতাংশ ও চলতি এপ্রিল মাসে ৭ শতাংশ লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
যদি বৃষ্টিপাত আর না হয় তাহলে ১০ দিন পর পুনরায় লবণ উৎপাদন সম্ভব হতে পারে।
