মানিকগঞ্জে ভেঁপু বাজিয়ে বিআইডব্লিউটিসি কর্মচারিদের প্রতিবাদ
কর্মবিরতি বা অবরোধ কর্মসূচির পরিবর্তে সোমবার সকালে পুরো এক মিনিট নিজ নিজ জলযানের ভেঁপু বাজিয়ে দাবি আদায়ের এক অভিনব কর্মসূচি পালন করেছেন বিআইডব্লিউটিসি’র কর্মচারিরা।
জানা যায়, গত ২৮ মার্চ বাংলাদেশ ইনল্যান্ড মাস্টার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (বিমা) বিভিন্ন দাবিতে ১১ এপ্রিল সারা দেশের সকল নৌযানে টানা এক মিনিট হুইসেল বাজানোর সিদ্ধান্ত নেয়।
সিদ্ধান্ত অনুযায়ী সোমবার অন্যান্য স্থানের মতো আরিচা, নগরবাড়ি, দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটের সকল নৌযানে একযোগে সকাল ১১টা থেকে এক মিনিট ধরে হুইসেল বাজানো হয়।
বৈষম্যমূলক বেতন কাঠামো সংশোধন, চার্টার্ড ভেসেল ম্যানিং স্কেল অনুযায়ী নাবিক নিয়োগ এবং ক্লেইম কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার ও নিয়মমাফিক পদোন্নতির দাবিতে বিমা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।
