কোম্পানিগঞ্জে ৫ দিনে ১৫ বাড়িতে ডাকাতি
নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে গত পাঁচদিনে ১৫ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এসব ঘটনায় লুট হয় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার সম্পদ। ডাকাতদের অস্ত্রের আঘাতে মহিলাসহ ১০ জন মারাত্মক আহত হয়।
পুলিশের হয়রানির ভয়ে থানায় কেউ মামলা করছে না। চুরি, ডাকাতি বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৫ এপ্রিল মঙ্গলবার রাতে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে রহমতের নতুন বাড়িতে ১০/১২ জন সশস্ত্র ডাকাত প্রবেশ করে রহমতের পুত্র সালাহ উদ্দিনকে কুপিয়ে ও কন্যা নাজমুন নাহারকে পিটিয়ে আহত করে প্রায় ৩০ হাজার টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। একই রাতে ওই এলাকার রবি ডাক্তারের বাড়িতে ১৫/১৬ জন ডাকাত ঘরে ঢুকে প্রায় ৪০ হাজার টাকার মালামাল লুট করে।
৬ এপ্রিল বুধবার রাতে চরকাঁকড়া গ্রামের ন’বাড়িয়া এলাকায় মাহফুজের নতুন বাড়িতে ২০/২২ জন ডাকাত প্রবেশ করে লোকজনকে পিটিয়ে দেড় লাখ টাকার মালামাল লুট করে। ৭ এপ্রিল রাতে পেশকার হাট এলাকায় এনামুল হক বিএসসির বাড়ি থেকে ১৫/২০ জন সশস্ত্র ডাকাত ৭০ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। ৮ এপ্রিল শুক্রবার রাতে রামপুর খালেক লন্ডনীর বাড়িতে একদল ডাকাত প্রবেশ করে প্রায় এক লাখ টাকার মালামাল লুট করে। ৯ এপ্রিল শনিবার রাতে রামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এনামুল হকের পুত্র সৌদিআরব প্রবাসী সিরাজ ও কামালের বাড়িতে ১০/১৫ জন সশস্ত্র ডাকাত হামলা চালিয়ে পাঁচ ভরি স্বর্ণালংকারসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করেছে।
