২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণাঞ্চলের ৩ জেলায় ১ লাখেরও বেশি টিউবওয়েলে আর্সেনিকের প্রকোপ

দক্ষিণাঞ্চলের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার এক লাখেরও বেশি টিউবওয়েলের পানিতে অতিমাত্রায় আর্সেনিক দূষণের সন্ধান পাওয়া গেছে। এসব জেলায় মোট আর্সেনিক আক্রান্তের সংখ্যা আড়াই হাজারেরও বেশি বলে সংশ্লিস্ট সূত্রে জানা যায়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 12:38 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

দক্ষিণাঞ্চলের ওই তিনটি জেলার ১ লাখ ৯৬ হাজার ১৭০টি টিউবওয়েলের পানি পরীক্ষা করে ১ লাখ ১০ হাজার ৩০৬টি টিউবওয়েলের পানিতে অতিমাত্রায় আর্সেনিক দূষণের সন্ধান পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অপরিকল্পিতভাবে পানি উত্তোলনের কারণে ভূগর্ভস্থ পানির   স্তর নিচে নেমে যাওয়ায় ওই ফাঁকা স্থানটি দখল করেছে বাতাস। ভূগর্ভস্থ শিলাস্তর ও বাতাসের সংস্পর্শে এসে জারণ-বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে আর্সেনিক পানিতে দ্রবিভূত হয়ে যাচ্ছে।

আর্সেনিক মিটিগেশন ওয়াটার সাপ্লাই প্রজেক্টের একটি সূত্র জানায়, জানুয়ারি মাসের সর্বশেষ জরিপ অনুযায়ী খুলনা জেলার ৫৯হাজার ৮শ ৩১টি টিউবওয়েলের পানি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্যে ২৫ হাজার ৬শ ৯৩টি টিউবওয়েলের পানিতে আর্সেনিকের উপস্থিতি ছিল মাত্রাধিক। এ জেলায় আর্সেনিক আক্রান্তের সংখ্যা ৩শ ৬৯ জন। জেলার আওতাভুক্ত উপজেলাগুলোর মধ্যে একমাত্র কয়রা উপজেলাকে আর্সেনিক মুক্ত ঘোষণা করা হয়েছে।

সূত্র জানায়, বাগেরহাট জেলার ৫৭ হাজার ৩শ ৪৩টি টিউবওয়েলের মধ্যে ৩৩ হাজার ১শ ৫০টিতে আর্সেনিকের সন্ধান পাওয়া গেছে। এ জেলায় আর্সেনিক আক্রান্তের সংখ্যা ৬শ ৭১ জন। জেলার সবকয়টি উপজেলায়  আর্সেনিকযুক্ত  টিউবওয়েল সনাক্ত করা হয়েছে।

সূত্রটি আরও জানায়, সাতক্ষীরা জেলার ৭৮ হাজার ৯শ ৯৬টি টিউবওয়েলের মধ্যে ৫১ হাজার ৪শ ৬৩টিতে আর্সেনিকের সন্ধান মিলেছে। জেলায় ১ হাজার ৪শ ৮২ জন আর্সেনিক আক্রান্ত ব্যক্তি রয়েছে। এ জেলারও সবকয়টি উপজেলাতে টিউবওয়েলের পানিতে আর্সেনিক রয়েছে।

খুলনায় আর্সেনিক মিটিগেশন ওয়াটার সাপ্লাই প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, উল্লিখিত এলাকায় খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাসের মধ্যে চাহিদা অনুযায়ী আর্সেনিকমুক্ত টিউবওয়েল স্থাপনের উদ্্েযাগ নেওয়া হয়েছে।

টিওবয়েল স্থাপন ব্যয়ের ২০ শতাংশ স্থানীয় জনগণ এবং বাকি ৮০ শতাংশ আর্সেনিক মিটিগেশন ওয়াটার সাপ্লাই প্রজেক্ট বহন করবে। আর্সেনিকযুক্ত এলাকাগুলোতে আগামী বছরের শেষনাগাদ বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করা সম্ভব হবে বলে সূত্রটি জানায়।