২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যরাতে সাভারে গার্মেন্টস’র বয়লার বিস্ফোরণে ৮ তলা ভবন ধ্বংস: নিহত ১০, আহত শতাধিক

সাভারের বাইপাইলে রোববার দিবাগত মধ্যরাতে গার্মেন্টস’র বয়লার বিস্ফোরণে একটি ৮ তলা ভবন ধ্বংস হয়েছে। ভয়াবহ এ ঘটনায় মহিলাসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 09:45 AM

Updated : 26 Apr 2022, 05:32 PM

পুলিশ এ পর্যন্ত ৬ জনের লাশ উদ্ধার করেছে। এর মধ্যে মমতাজ বেগম (২৩) নামে একজনের নাম-পরিচয় জানা গেছে।

এ ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছে। সকাল পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল।

সাভার থানা পুলিশ ও ফায়ার ব্রিগেড সূত্র বিডিনিউজ’কে জানাায়, রাত ১ টার দিকে সাভারের বাইপাইলে আল-শাহরিয়ার গার্মেন্টস-এ এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

ওই ভবনটির ৬ তলা পর্যন্ত গার্মেন্টস’র। বাকি তলাগুলো নির্মাণাধীন ছিল। ঘটনার সময় গার্মেন্টস’র কমপক্ষে ৩/৪ শ’ শ্রমিক রাতের শিফটে কাজ করছিল বলে পুলিশ জানায়।

প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটলে প্রায় পুরো ভবনটি ধ্বংস হয়ে যায়। ভবন জুড়ে ছড়িয়ে পড়ে চরম আতংক। আতœরক্ষার জন্যে বাইরে বেরোবার পথ খুঁজে ব্যর্থ হয় ভেতরে আটকা পড়া প্রায় সকলেই।

সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। সূত্র জানায়, উদ্ধার কাজের জন্যে ফায়ার ব্রিগেডের ১১ টি ইউনিট এবং পুলিশ কন্ট্রোল থেকে ৪ প্লাটুন পুলিশ ঘটনাস্থলে গেছে। 

সকাল ৭ টা পর্যন্ত তারা ৬ টি লাশ উদ্ধার ও প্রায় অর্ধশত মানুষকে আহত অবস্থায় উদ্ধার করেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে পুলিশ জানায়।

পুলিশ আরো জানায়, নিহতদের মধ্যে দু’জনের মৃতদেহ সাভার থানায় আনা হয়েছে। এর মধ্যে একজনের পরিচয় জানা গেছে। মমতাজ নামের এ গার্মেন্টস কর্মীর স্বামীর নাম শফিকুল ইসলাম। বাড়ি জামালপুর জেলার মেলান্দহ’র বাগবাড়ি।

সাভার ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার তৎপরতা শুরু করেছে বলে পুলিশ জানায়।