চুয়াডাঙ্গায় চরমপন্থীর হাতে সাবেক ইউপি মেম্বার খুন
চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া গ্রামের বাসিন্দা ও সাবেক মেম্বার আদম আলীকে (৫০) চরমপন্থীরা নৃশংসভাবে হত্যা করে। শনিবার রাত নয়টার সময় পার্শ্ববর্তী ফুলবাড়ি-জালশুকা গ্রামের মধ্যবর্তী মাঠে নিয়ে প্রথমে তাকে গুলি ও পরে জবাই করে খুন করা হয়।
চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিষ্ট পার্টি (এম.এল) এ হত্যাকান্ডের দায়-দায়িত্ব স্বীকার করেছে। শনিবার মধ্যরাতে স্থানীয় দৈনিক মাথাভাঙ্গা অফিসে জনৈক ‘রবি’ স্বাক্ষরিত এক বার্তায় এ হত্যাকান্ডের দায়িত্ব স্বীকার করে বলা হয়, আদম আলী ছিল পুলিশের দালাল। সে ১৯৯৩ সালে পার্টির কমরেড মিতাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। যার প্রতিশোধ নিতে তাকে খুন করা হলো।
