২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরে রাসায়নিক পরীক্ষাগার নেই, নেই পর্যাপ্ত গুদাম

গুরুত্বের দিক থেকে সামুদ্রিকবন্দর চট্টগ্রাম ও মংলার পরেই বেনাপোল স্থলবন্দরের অবস্থান। অথচ দেশের প্রধান এই স্থলবন্দরটিতে কোনও রাসায়নিক পরীক্ষাগার নেই। ফলে আমদানি করা কেমিক্যাল বা রাসায়নিক পণ্যের মান যাচাইয়ে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিচ্ছে। পরীক্ষাগার না থাকায় আমদানিনিষিদ্ধ পণ্যও ছাড় পেয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পণ্য রাখার পর্যাপ্ত গুদাম বা শেড না থাকায় বিপাকে পড়েছে আমদানিকারক এবং স্থানীয় সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2005, 11:00 AM

Updated : 26 Apr 2022, 05:32 PM

একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের শিল্পকারখানায় যেসব কেমিক্যাল দরকার হয় তার সবই ভারত থেকে আসে। ইদানিং এসব পণ্যের আমদানি আরও বেড়েছে। কাস্টমস কর্মকর্তাগণ এসব পণ্যের শ্রেণীকরণ ও শুল্কায়ন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন।

জানা গেছে, ভারত থেকে আমদানি করা এসব পণ্য সম্পর্কে কাস্টমস কর্মকর্তাদের তেমন ধারণা নেই। রাসায়নিক পণ্য সম্পর্কে অভিজ্ঞতাসম্পন্ন কোনও কর্মকর্তাও বন্দরে নেই। আমদানি করা কেমিক্যাল যাচাই ও কেমিক্যাল কম্পোজিশন জানার জন্য ঢাকা, খুলনা ও রাজশাহীর বিভিন্ন পরীক্ষাগারে নুমনা পাঠানো হয়ে থাকে। এ পরীক্ষার রিপোর্ট আসতে মাস খানেক সময় লেগে যায়। ফলে পণ্যের চালান দিনের পর দিন খোলা জায়গায় পড়ে থাকে। এতে করে অনেক পণ্য নষ্ট এবং চুরি হয়ে যায়। এসব কারণে আমদানিকারকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে রফতানিমুখী শিল্পকারখানার মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বেশি।

এছাড়া, বেনাপোল বন্দরে আমাদানি করা কেমিক্যাল জাতীয় পণ্য রাখার মতো যথেষ্ট সংখ্যক গুদাম বা শেড নেই। একটি মাত্র শেড থাকলেও তা সবসময় বোঝাই থাকে। যে কারণে আমদানি করা অনেক পণ্যই খোলা জায়গায় ফেলে রাখা হয়। বর্তমানে বন্দর এলকায় কয়েক হাজার এসিডের ড্রাম ফেলে রাখা হয়েছে। এ থেকে যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

ব্যবসায়ীরা অভিযোগ করে বলেছেন, এ বন্দর থেকে সরকার প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা রাজস্ব আয় পেলেও এখানে এখনও কোনও রাসায়নিক পরীক্ষাগার এবং পর্যাপ্ত শেড বা গুদাম তৈরি হয়নি। ব্যবসায়ী মহল এ ব্যাপারে সরকারের সহায়তা চান।