২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি-জামাত জোট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে

দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদরা শুক্রবার এক গোলটেবিল বৈঠকে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য বিএনপি-জামাত জোট সরকারকে অভিযুক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 05:58 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

তারা বলেন, পাঠ্যপুস্তক থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে দিয়ে নতুন শিক্ষানীতি বাস্তবায়ন করতে ক্ষমতাসীন জোট সরকার পরিকল্পিতভাবে দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে।

বিরোধী দল আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত সাব-কমিটি শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশের শিক্ষা সংকট’ শীর্ষক এক বৈঠকের আয়োজন করে। 

বক্তারা অভিযোগ করেন, জোট সরকার বিভিন্ন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে হস্তক্ষেপ করায়  শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুনীর্তি, অনিয়ম, জঙ্গি হামলা, রাজনৈতিক সন্ত্রাস, দলীয় নিয়োগ, আইন প্রয়োগকারি সংস্থার অবদমনে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তারা বলেন, শিক্ষার্থীরা প্রকৃত ইতিহাস জানা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে আগামী প্রজন্ম শিকড়বিহীন এবং মুক্তিযুদ্ধের চেতনাবিমুখ জাতিতে পরিণত হবে।

বৈঠকে অন্যান্যের মধ্যে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর জলিল, সাবেক শিক্ষা মন্ত্রী এ.এইচ.এস.কে সাদেক, অধ্যাপক আবু সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শামসুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল খালেক, শাবিপ্রবি’র অধ্যাপক ড. সালেহ উদ্দিন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রইস উদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিকী বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বৈঠকে মূল প্রবন্ধ পাঠ করেন।

তিনি জানান, বর্তমান সরকার গত তিন বছরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে পাঁচ হাজার দলীয় নিয়োগ দিয়েছে।