মানিকগঞ্জের তিন শতাধিক শ্রমিক দাবি আদায় না হলে ঘরে ফিরবে না
চাকরিতে পুনর্বহাল ও বকেয়া বেতনের দাবিতে আকিজ গ্র“পের ঢাকা টোবাকো লিফ প্রসেসিং ইন্ডাস্ট্রিজের ছাটাইকৃত তিন শতাধিক শ্রমিক তাদের দাবি আদায় না হলে ঘরে ফিরে যাবে না বলে ঘোষণা দিয়েছে।
ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন মানিকগঞ্জ সদর উপজেলার গোলড়ায় আকিজ গ্র“পের ঢাকা টোবাকো লিফ প্রসেসিংয়ের প্রধান গেটে ছাটাইকৃত নারী-পুরুষ শ্রমিকরা বৃহস্পতিবার রাত থেকে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান কর্মসূচি শুরু করেছে। আন্দোলনকারী সবাই মানিকগঞ্জ জেলার বাসিন্দা। কোম্পানির নিকট তাদের আট লাখ টাকা বকেয়া রয়েছে।
জানা গেছে, কর্তৃপক্ষ দু বছর আগে ঠিকাদারদের মাধ্যমে শ্রমিক নিয়োগ করে। ঠিকাদাররা ওই সময় অবৈধভাবে ৩১৯ জন শ্রমিককে বকেয়া পাওনা না মিটিয়েই ছাঁটাই করে দেয়। এর পর থেকেই শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করে আসছে।
