২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বদলির নতুন নীতিমালা

প্রশাসনিক কাঠামো শক্তিশালী ও কর্মকর্তাদের কর্মকান্ড গতিশীল করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বদলির নতুন নীতিমালা তৈরি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2005, 04:40 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে  গঠিত মন্ত্রীপরিষদ বিভাগের  মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বদলি সংক্রান্ত উচ্চ পর্যায়ের এক কমিটি এ নীতিমালা তৈরি  করেছে।

সকল মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বদলির বিষয় উচ্চ পর্যায়ে গঠিত মন্ত্রীপরিষদের বদলি কমিটির মাধ্যমে নিষ্পত্তি করার জন্য মন্ত্রণালয়গুলোকে পত্র দিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব।

সূত্র জানায়, কর্মকর্তাদের বদলি সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হস্তক্ষেপ ঠেকাতে এই নীতিমালা করা হয়েছে।

একাধিক সংসদ সদস্য এই নীতিমালার বিরোধিতা করেন। তারা বলেন, এতে তাদের ক্ষমতা খর্ব করা হয়েছে। নীতিমালার কারণে মাঠ পর্যায়ে উন্নয়নমূলক কর্মকান্ড ব্যহত হবে যা আগামী নির্বাচনে প্রভাব পড়বে বলে নাম প্রকাশ না করার শর্তে তারা বিডিনিউজকে জানান।

নীতিমালার কারণে কমিটি ইতিমধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বদলি বিষয়ে কয়েকজন এমপির সুপারিশ উপেক্ষা করেছে বলে তারা জানান।

কর্মকর্তারাও নীতিমালা নিয়ে সন্তুষ্ট নন।

আগে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পছন্দের কর্মকর্তাদের ব্যাপারে সংস্থাপন সচিবকে অনুরোধ করলেই তা বিবেচিত হতো। পছন্দের কর্মকর্তাদের তারা খুব সহজেই নিজ এলাকায় বদলি করিয়ে নিয়ে আসতে পারতেন। এখন বদলির বিষয়টি কমিটির উপর নির্ভর করবে। আর কমিটি নির্ভর করবে নীতিমালার উপর।

নীতিমালা অনুযায়ী বদলি সংক্রান্ত যে সকল বিষয় কমিটির সভায় পেশ করা যাবে না তার মধ্যে রয়েছে, শিক্ষানবিশ কোন কর্মকর্তার বদলির বিষয়, কোন কর্মকর্তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে অন্য কোন কর্মকর্তাকে পদায়নের অনুরোধ, মাঠ পর্যায়ে আট বছরের কম সময় কর্মরত আছে এমন কোন কর্মকর্তাকে ঢাকায় বদলির প্রস্তাব এবং প্রেষনে কর্মরত কর্মকর্তাদের অবসরের আদেশ বা অবসরের প্রস্তুতিমূলক ছুটির তারিখের তিন মাস আগের আবেদন।