২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ এপ্রিল শুরু হচ্ছে ডিসিসি’র বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ২০০৫’। ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এ বিশেষ অভিযান পরিচালনা করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2005, 04:21 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

ডিসিসি সূত্রে জানা যায়, অভিযান চলাকালে নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত, ভাঙ্গা সড়ক, ফুটপাত ও ড্রেন সংস্কার এবং দেয়াল লিখন মুছে ফেলা হবে।

ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকা সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বলেন, ঢাকা মহানগরীর ৯০ ওয়ার্ডের প্রতিটিকেই ১৫টি খণ্ডে বিভক্ত করে এ অভিযান চালানো হবে। প্রতিদিনই একেকটি অংশে পরিচ্ছন্নতার কাজ চলবে। এ জন্য এই সময়ে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার অতিরিক্ত কর্মী নিয়োগ করা হবে।

তিনি আরও জানান, নিয়মিত কাজের বাইরে প্রতিদিন সকাল ৯টা থেকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের কাজ শুরু হবে। প্রতিদিনই প্রতি খণ্ডে ৫০ থেকে ৫৬ জন অতিরিক্ত কর্মী কাজ করবে। এসব কাজ তদারকির জন্য স্থানীয় ওয়ার্ড কমিশনারসহ গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করা হবে।