পঞ্চগড়ে গমের উৎপাদন কম হলেও দাম ভাল পাওয়ায় কৃষকরা খুশি
চলতি মৌসুমে জেলায় অন্যান্য বছরের তুলনায় গমের চাষ অনেক কম হয়েছে। তবে এবার গমের ফলন ভাল এবং বাজারে দাম বেশি হওয়ায় কৃষকরা খুশি।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, জেলায় এবার ১১ হাজার হেক্টর জমিতে গম চাষ হয়েছে। বৈরী আবহাওয়া সত্ত্বেও গত বছর ১২ হাজার পাঁচশ’ ৫০ হেক্টর জমিতে গম চাষ হয়েছিল। সে বছর ফলনও ছিল কম। গম বীজের চড়া দাম এবং বৈরী আবহাওয়ার আশঙ্কায় এ বছর গম চাষ কম হয়েছে।
কৃষকরা জানান, চাষ কম হলেও ফলন ভাল হয়েছে। গত বছর বিঘা প্রতি তিন/চার মণ গম উৎপাদন হলেও এবার অনুকূল আবহাওয়ার কারণে বিঘা প্রতি আট/নয় মণ গম উৎপাদন হয়েছে।
বর্তমানে বাজারে চার’শ ৬০ টাকা থেকে চার’শ ৮০ টাকা দরে প্রতি মণ গম বিক্রি হচ্ছে।
কৃষকদের তথ্যমতে, এক বিঘা জমিতে গম চাষ করতে সার, বীজ ও সেচ খরচ বাবদ মোট দেড় থেকে দুই হাজার টাকা খরচ হয়। তাদের হিসাবে গতবারের তুলনায় এবার বিঘা প্রতি লাভ অনেক বেশি।
