২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের প্রশংসায় চীন: সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দু দেশের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর

শুধু দেশের জনগণের প্রতি অঙ্গীকার পালনই নয় আঞ্চলিক ও আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকার উচ্চ প্রশংসা করেছে চীন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 09:43 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

বৃহষ্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে এক বৈঠকে সফররত চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বলেন, “গত দু বছরে বাংলাদেশের প্রবৃদ্ধির অর্জন দেখে আমি মুগ্ধ ও সন্তুষ্ট।”

চীনের প্রধানমন্ত্রীর দু দিন ব্যাপী সরকারি সফরের প্রথম দিনেই দু দেশের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এর আগে জিয়া বিমানবন্দরে চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এসে পৌছলে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাঁকে অভ্যর্থনা জানান।

বৈঠকে চীনা প্রধানমন্ত্রী দু দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাসের নিশ্চয়তা দেন। তিনি বলেন শিগগিরই একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন চীনা বাণিজ্যিক দল বাংলাদেশ সফর করবে এবং তারা বাংলাদেশে ব্যবসার সম্ভাব্যতা যাচাই করার পাশাপাশি নতুন পণ্য আমদানির বিষয়টি খতিয়ে দেখবে।

বৈঠক শেষে প্রেস ব্রিফিং-এ পররাস্ট্র সচিব হেমায়েতউদ্দিন বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই সরকার প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারা উভয়ই বন্ধুত্বপূর্ণ দু দেশের মধ্যে কুটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে বিদ্যমান সম্পর্ককে আরও জোরদার ও গভীর করার বিষয়টি পুর্নব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর অফিসে বৈঠককালে খালেদা জিয়া চীনে তার সফরের কথা স্মরণ করেন। পাশাপাশি তিনি জনগনের ভাগ্য উন্নয়নে ও গণতান্ত্রিক ভিত্তিকে সুদৃঢ় করতে তার সরকারের নীতি ও কর্মসূচী এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বিদ্যমান পররাষ্ট্রনীতির বিষয়ে অবহিত করেন।

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয় সরকার প্রধানই দু দেশের মধ্যে শীর্ষ পর্যায়ের নেতাদের অধিক সফরের ওপর গুরুত্বারোপ করেন।

১১ বছর আগে জিয়াবাও চীনের কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশে এসেছিলেন এবং সেই সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে তিনি দেখা করেছিলেন।

ওয়েন জিয়াবাও এক চীনা নীতির প্রতি সমর্থন, আঞ্চলিক সহযোগিতা ও আর্ন্তজাতিক বিষয় বিশেষ করে মানবাধিকার বিষয়ে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।

বৈঠকে উভয় সরকার প্রধান একমত হন যে তারা একে অন্যের বিষয়ে হস্তক্ষেপ করবে না।

জিয়াবাও বৈঠকে বাংলাদেশের ৮৪ টি পণ্য চীনের বাজারে শুল্কমুক্ত প্রবেশের বিষয়টি পুর্নব্যক্ত করেন। তিনি দু দেশের জনগনের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ের ওপরও গুরুত্বারোপ করেন। 

তিনি বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য আরও অধিক বৃত্তি প্রদানের ঘোষণা দেন এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যবৃন্দদের চীনের বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যাওয়ার আহবান জানান।

পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন আরও জানান, চীন সার্ক ও বিমসটেকে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছে।

বৈঠক শেষে দু দেশের মধ্যে বেশ কটি চুক্তি, সমঝোতা স্মারক ও বিনিময়পত্র স্বাক্ষরিত হয়। যেসব বিষয়ে চুক্তি, সমঝোতা স্মারক ও বিনিময়পত্র স্বাক্ষরিত হয় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে চুক্তি, সহজ শর্তে ঋনের জন্য ফ্রেমওয়ার্ক চুক্তি, পারমানবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের সহযোগিতা সংক্রান্ত চুক্তি, কৃষি বিষয়ক সমঝোতা স্মারক, আইন শৃংখলা বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, মহানগরগুলোতে ডিজিটাল এক্সচেঞ্জ স্থাপন, বড়পুকুরিয়া কয়লা খনি চুক্তি, সেচ ব্যবস্থাপনা এবং কুনমিং হয়ে বেইজিং ও ঢাকার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ সংক্রান্ত বিনিময় পত্র।

এ বছরের ১৮ মে থেকে ঢাকা বেইজিং সরাসরি বিমান চলাচল শুরু হবে। চীনা  প্রধানমন্ত্রী দু দেশের কুটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশকে চীনের ‘টুরিস্ট ডেস্টিনেশন’ হিসেবে ঘোষণা দেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব বলেন, পারমানবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সংক্রান্ত চুক্তিতে ওষুধ, কৃষি ও বায়োটেকনলোজি খাতে এর ব্যবহারকেই বোঝানো হয়েছে। অর্থনৈতিক ও সামাজিক চুক্তির আওতায় চীন বাংলাদেশকে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য ৬ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে।