১৭ দিনের ব্যবধানে গাইবান্ধায় আবারও ঘূর্নিঝড়ের তান্ডব
গাইবান্ধা শহর ও আশেপাশের বিভিন্ন এলাকায় বুধবার গভীর রাতে ঘূর্নিঝড় আঘাত হানে। গত ২০ মার্চের ভয়াবহ ঘূর্নিঝড়ের পর মাত্র ১৭ দিনের ব্যবধানে এ ঝড়ে শতাধিক আহত হয়।
আহতদের ৩২ জনকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থার অবনতি হলে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
২০ মিনিটি স্থায়ী এ ঝড়টি বুধবার গভীর রাত আড়াইটার দিকে গাইবান্ধা শহর এবং ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলায় আঘাত হানে। এসময় বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে, খুটি উপড়ে যায় এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়।
ঘূর্নিঝড় উপদ্রুত এলাকায় এখনও সরকারিভাবে উদ্ধার কাজ শুরু হয়নি। তবে ব্যক্তিগত উদ্যোগে উদ্ধার তৎপরতা চলছে।
ঝড়ের পরে ১৭ ঘন্টা ধরে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পলাশবাড়ী সড়কে তিনটি বড় টাওয়ার ভেঙ্গে পড়ায় আগামী দুইদিনেও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না বলে জানিয়েছে বিদ্যুৎ কর্তৃপক্ষ।
