নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধায় পোস্টাল সঞ্চয় ব্যাংকে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধায় প্রধান ডাকঘরগুলোর পোস্টাল সঞ্চয় ব্যাংকের একাউন্ট থেকে প্রায় ১ কোটি ৬৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অর্থ জালিয়াতির অভিযোগে নীলফামারী ডাকঘরের দু কর্মকর্তা ও লালমনিরহাট ডাকঘরের তিন কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।
নীলফামারী প্রতিনিধি জানান, জেলার প্রধান ডাকঘরে পোস্টাল সঞ্চয় ব্যাংকের একাউন্ট জালিয়াতির ঘটনায় অভিযুক্ত সহকারী পোস্টমাস্টার মীর নূরুল ইসলাম মুন্না ও লেজার অপারেটর আহমেদুল ইসলাম রাজুকে বুধবার গ্রেফতার করা হয়েছে।
বুধবার জালিয়াতির ঘটনা তদন্তে নিয়োজিত কমিটি তাদের পুলিশে সোপর্দ করলেও পোস্টাল অপারেটর তসলিম উদ্দিন এখনও পলাতক। পোস্টমাস্টার তোরাব উদ্দিন এ ব্যাপারে বাদী হয়ে নীলফামারী থানায় একটি মামলা করেছেন।
তদন্ত কমিটি জানায়, নীলফামারী পোস্টাল সঞ্চয় ব্যাংকের মোট ১৪ হাজার সঞ্চয় একাউন্ট এবং ১৭ হাজার সাধারণ একাউন্টের মধ্যে মাত্র ৫০০টি একাউন্ট পর্যালোচনা করে এ পর্যন্ত ২২০টি একাউন্টে ৫৬ লাখ ২২ হাজার টাকা আত্মসাতের ঘটনা ধরা পড়েছে। ২০০৩ এবং ২০০৪ সালের কাগজপত্রে এই পরিমান অর্থ জালিয়াতি ধরা পড়ে।
সংশিষ্ট সুত্র জানায়, সঞ্চয়পত্রের ভুয়া ভাউচার ও একাধিকবার পেমেন্ট দেখিয়ে গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় এই অর্থ আত্মসাৎ করা হয়। ডাকঘরের সহকারী পোস্টমাস্টার মীর নূরুল ইসলাম মুন্না, লেজার অপারেটর আহমেদুল ইসলাম রাজু এবং পোস্টাল অপারেটর তসলিম উদ্দিন অর্থ আত্মসাতের সাথে জড়িত রয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।
গাইবান্ধা প্রতিনিধি জানান, জেলার প্রধান ডাকঘরে পোষ্টাল সঞ্চয় ব্যাংকের একাউন্ট জালিয়াতির মাধ্যমে প্রায় ৬০লাখ টাকা আত্মসাতের ঘটনা ধরা পড়েছে। ২০০০সাল থেকে বিভিন্ন ধরনের জালিয়াতির মাধ্যমে ডাকঘরেরর সরকারি অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়।
পোষ্টাল সঞ্চয় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত সহকারী পোষ্টমাষ্টার গোলাম নবী সরকার ডাকঘরের কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারির যোগসাজশে ৫০টি শূণ্য একাউন্ট নম্বরে মোটা অংকের জমা দেখিয়ে ভুয়া ভাউচারের মাধ্যমে উত্তোলন করে ওই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়। এছাড়াও একই সঞ্চয়পত্র একাধিকবার ভাঙ্গানো দেখিয়েও বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করা হয়। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে ডাকঘরের নিজস্ব অডিট টিম একাউন্ট নিরীক্ষা করতে গেলে তাদের কাছে অর্থ আত্মসাতের ঘটনা ধরা পড়ে।
লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাটে সদর ডাকঘরের সঞ্চয় ব্যাংক একাউন্টের প্রায় অর্ধকোটি টাকা জালিয়াতি ধরা পড়েছে। জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে মঙ্গলবার রাতে সহকারী পোষ্টমাষ্টার আবুল কালাম আজাদ, অপারেটর আঃ রহিম ও অপারেটর হুমায়ুন কবীরকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় অপারেটর নুরুল ইসলাম ও হিসাবরক্ষক কামাক্ষা নাথ পলাতক রয়েছে।
ডাক বিভাগের পরিচালক আঞ্জুমান আরা বেগমের নেতৃত্বে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের একটি অডিট টিম গত ৩ এপ্রিল থেকে লালমনিরহাট জেলা পোষ্ট অফিসে নীরিক্ষাকালে আত্মসাতের ঘটনা ধরা পড়ে। আত্মসাতের ঘটনা জানাজানি হলে বুধবার পোস্টাল সঞ্চয় ব্যাংকের আমানতকারীদের মাঝে শঙ্কা দেখা যায়। এ ঘটনায় জেলা পোষ্ট অফিসের পোষ্টমাষ্টার সামসুদ্দিন আহম্মেদ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
