২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট মেডিকেল কলেজে ইন্টার্নী চিকিৎসকের কর্মবিরতি শুরু

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নী চিকিৎসকরা মঙ্গলবার থেকে কর্মবিরতি শুরু করেছেন। এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অপ্রীতিকর ঘটনায় হাসপাতালে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2005, 06:14 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

কর্মবিরতি কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ইন্টার্নী চিকিৎসকরা হাসপাতাল চত্তরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এ সময় তারা হাসপাতালের পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে ইন্টার্নী চিকিৎসকদের ওপর হামলাকারীদের শাস্তিসহ আট দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

অন্যদিকে জরুরী চিকিৎসার জন্য ইন্টার্নী চিকিৎসকরা ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কিন্তু তারা ওয়ার্ড কিংবা ইউনিটে কোনও দায়িত্ব পালন করবে না।

সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় ছাতকের ধারণ গ্রামের আবুল খায়ের আহত হলে তাকে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন রাত ১০ টায় তাকে দেখতে আসা আত্মীয়স্বজনরা অভিযোগ করেন খায়েরকে একসাথে পাঁচটি ইঞ্জেকশন দেওয়ায় তার মৃত্যু ঘটে।

এ ঘটনায় ইন্টার্নী চিকিৎসকরা বাকবিতণ্ডার এক পর্যায়ে নিহত খায়েরের আত্মীয় স্বজনদের ভোর ৪টা পর্যন্ত আটকে রাখে। ভোরে হাসপাতালের ডিডিসহ বিএমএ নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে। পরেরদিন থেকেই ইন্টার্নী চিকিৎসকরা অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি ঘোষণা করে।