২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু:সংবাদ! বিমান ভাড়া বেড়েছে

তেলের দাম অত্যধিক বাড়ার ফলে যাত্রীরা এখন আর বিমানে কম ভাড়ার সুবিধা পাবেন না। যেহেতু আর্ন্তজাতিক বাজারে তেলের দাম বেড়ে ৬৫ মার্কিন ডলার পর্যন্ত দাঁড়িয়েছে, তাই আন্তর্জাতিক এয়ারলাইনগুলো তাদের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 08:08 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট এক ঘোষণায় বিমানের জ্বালানি সারচার্জ ২০ থেকে ৩০ ডলার পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছে। এর ফলে কোন যাত্রী যুক্তরাষ্ট্রে গেলে তাকে রাউন্ডআপ ট্রিপের জন্য আরও ৬০ মার্কিন ডলার বা ৩৬০০ টাকা সারচার্জ দিতে হবে।

ব্রিটিশ এয়ারওয়েজ ও ভার্জিন আটলান্টিক ইতোমধ্যে জ্বালানি সারচার্জ বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে এবং অন্যান্য বিমানও ভাড়া বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে।  তেলের উচ্চ মূল্যের কারণে বিমান পরিচালনাকারী সংস্থাগুলোর মুনাফা কমে যাবে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশনের মহাপরিচালক গিওভানি বিসিগনানি  সোমবার নিউ ইয়র্কে এক বিবৃতিতে উল্লেখ করেন, তেলের উচ্চ মূল্য বিমান পরিচালনাকারী সংস্থাগুলোর মুনাফাকে ক্ষতিগ্রস্ত করবে। তিনি বলেন, বিমানের জ্বালানি খরচ ২০০৩ সালের ৪৪ বিলিয়ন থেকে বেড়ে গত বছর ৬৩ বিলিয়ন হয়েছে। এ বছর শেষে তা ৭৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছুতে পারে। আন্তর্জাতিক বিমান পরিচালনাকারী সংস্থাগুলো আশংকা করছে, চলতি বছর তাদের পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হতে পারে।

ব্রিটিশ এয়ারওয়েজ গত সপ্তাহে ৩০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে। তেলের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির কারণে গত বছর মে মাসে বিমান ভাড়ায় প্রথমবারের মতো জ্বালানি কর অন্তর্ভুুক্ত করা হয়। তারপর আগস্ট ও অক্টোবরে দু বার জ্বালানি কর বৃদ্ধি করা হয়।

ইউরোপ, যুক্তরাষ্ট্র ও অষ্ট্রেলিয়ার ফ্লাইটগুলোতে বেশিরভাগ বিমান পরিচালনাকারী সংস্থা অতিরিক্ত ২০ থেকে ৩৫ ডলার সারচার্জ আরোপ করেছে।