মাদারীপুরে এ আর হাওলাদার জুট মিলে নিলাম কেলেঙ্কারি : পাটসচিব সহ ১৮ জনের বিরুদ্ধে মামলা
মাদারীপুরে এ আর হাওলাদার জুট মিল লিমিটেডের ৪ টি গুদামে রক্ষিত প্রায় ২৬ হাজার মণ পাট নিলামে বিক্রি করে দেয়ার ঘটনায় সোনালী ব্যাংকের স্থানীয় শাখা এবং ঢাকার মতিঝিল শাখার ব্যবস্থাপক, পাটসচিব ও জেলা প্রশাসকসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার মাদারীপুর যুগ্ম জেলা জজ ১ম আদালতে সোয়া পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মিলের শেয়ার হোল্ডার মো. সাজ্জাদ হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মূল বিবাদী করা হয় সোনালী ব্যাংক স্থানীয় শাখা, মতিঝিল বা/এ, ঢাকার ব্যবস্থাপককে। মামলার মোকাবেলা বিবাদী করা হয় নিলামে অংশ নেয়া তিন প্রতিষ্ঠান ঢাকার আইমেকস ইন্টারন্যাশনাল, ডিজায়ার ইন্টারন্যাশনাল ও সার্লি ট্রেডার্সকে। এছাড়াও অন্যান্য বিবাদীরা হলেন, বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও শেয়ার হোল্ডার হাবিবুর রহমান হাওলাদার (কাওসার), শেয়ার হোল্ডার লুৎফর রহমান হাওলাদার, জাহেদা রহমান, মিজানুর রহমান জামিল, হেমায়েত হোসেন হাওলাদার, মো. এনায়েত হোসেন হাওলাদার, ডা. হেমায়েত হোসেন হাওলাদার, শাহাদাত হোসেন হাওলাদার, নূরজাহান বেগম, শামীমা বেগম, জাকির হোসেন, পাট মন্ত্রণালয় সচিব।
মামলা সূত্রে জানা যায়, মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে ১৯৯১ সালে মিলটি বন্ধ হয়ে যায়। পরে ত্রিপক্ষীয় সমঝোতার মাধ্যমে ১৯৯৯ সালে মিলটি সেনালী ব্যাংক মতিঝিল শাখায় বন্ধকী রেখে আগের ঋণসহ আরো ঋণ নিয়ে মিলটি পুনরায় চালু করা হয়। কিন্তু সে বছরই ২৬ হাজার মন কাঁচা পাট গুদামজাত অবস্থায় মিলটি বন্ধ হয়ে যায়। পরে অভিযুক্তরা নিলামে পাট বিক্রি করে দেয়।
