ফরিদপুরে গণধোলাই শেষে ২ সন্ত্রাসীর চোখ উৎপাটন
ফরিদপুরে সোমবার পৃথক দু’টি ঘটনায় উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে দুই সন্ত্রাসীর চোখ উৎপাটন করে এবং অপর দু’ জনের চোখ উৎপাটনের চেষ্টা চালায়।
জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চরআদমপুরের মোস্তফার ডাঙ্গি গ্রামে চাঁদা দাবি করলে বিক্ষুব্ধ জনতা আমজাদ (৩৫) ও মফিজ (৪০) নামের দু’ সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দেয়। এক পর্যায়ে জনতা তাদের চোখ তুলে নেয়।
খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশ তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এদিকে অপর ঘটনায় সোমবার সন্ধ্যায় সদর উপজেলার কানাইপুরে জনতা দুই চাঁদাবাজকে আটক করে গণধোলাই দেয়। পরে উত্তেজিত জনতা তাদের চোখ তুলে নেয়ার চেষ্টা চালায়। তবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
