মঙ্গলগ্রহে বাংলাভাষা
মঙ্গলগ্রহে কোনোদিন যদি মানুষ বা মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান প্রাণী পাওয়া যায়, তাহলে তারা পৃথিবীর যে ভাষাগুলোর সঙ্গে প্রথম পরিচিত হবে তার মধ্যে বাংলাও আছে।
মঙ্গলে পাঠানো সৌরঘড়িতে বাংলায় লেখা রয়েছে ‘মঙ্গল’। এই সৌরঘড়ির মাধ্যমেই এখন পৃথিবীতে বসে বিজ্ঞানীরা জানতে পারবেন মঙ্গলে কখন ক’টা বাজছে; দিন নাকি রাত; কোন ঋতু চলছে সেখানে।
পৃথিবীর বাইরে এই প্রথম কোনও সৌরঘড়ি স্থাপন করা হয়েছে। কলকাতায় এসে এ কথাই জানিয়ে গেলেন নাসার বাঙালি বিজ্ঞানী ড. অমিতাভ ঘোষ।
ড. ঘোষ জানান, প্রাণের খুঁজে মার্কিন যুক্তরাষ্ট্র মঙ্গলগ্রহে পাথ ফাইন্ডার নামে একটি উপগ্রহ পাঠিয়েছে। মঙ্গলের মাটিতে স্থাপিত রোভারের সঙ্গে যুক্ত করা হয়েছে কালো এবং সোনালি রঙের তিন ইঞ্চির এই সৌরঘড়িটি।
ঘড়িটির মাধ্যমে জানা যাচ্ছে গ্রহের সময়, কত দূরে রোভারটি অবস্থান করছে, গ্রহটির উজ্জ্বলতা ও রঙের ভারসাম্য সম্পর্কে অনেক তথ্য। যেমন এখন মঙ্গলে চলছে ধূলোর মৌসুম।
ভবিষ্যতে পাঠোদ্ধারের জন্য মঙ্গলের সৌরঘড়িতে পৃথিবীর ২৪ টি ভাষায় ‘মঙ্গল’ কথাটি লেখা আছে। বাংলা, হিন্দি, জাপানি, চীনা, ইংরেজি, ফ্রেঞ্চ, ড্যানিশ, জার্মান ও গ্রিকের সঙ্গে দৃষ্টিহীনদের ভাষা ব্রেইলেও তা লেখা রয়েছে।
ড. ঘোষ জানান, মঙ্গলের ছয় মাসে পৃথিবীর এক বছর। তিনি বলেন, সেখানে এখনও প্রাণের সন্ধান মেলেনি। তবে প্রাণ বা প্রাণী থাকার মতো প্রাকৃতিক পরিবেশ সেখানে ছিল।
মার্কিন যুক্তরাষ্ট্র ২০১১ সালে আবার মঙ্গলে অভিযান চালাবে। সুদূর ভবিষ্যতে মঙ্গলে যদি প্রাণের সন্ধান মেলে তবে তারা পৃথিবীর ২৪ টি ভাষার মধ্যে বাংলাকেও পাবেন।
