বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান আর নেই
মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান দীর্ঘ রোগ ভোগের পর সোমবার মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
মুক্তিযুদ্ধকালীন তিনি স্বাধীন বাংলা মুজিবনগর সরকারের তথ্যমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর সরকারে তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্ষীয়ান এই নেতা গত বছরের মে মাসে দীর্ঘ রোগ ভোগের পর ‘কোমা’য় চলে যাওয়ার পর থেকে বিভিন্ন সময় হাসপাতাল এবং বাসায় তার চিকিৎসা চলে। সোমবার দুপুর ৩-৩০ মিনিটে তার এলিফ্যান্ট রোডের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার পারিবারিক সূত্র জানায়, মরহুমের প্রথম নামাজে জানাজা বাদ মাগরিব এরোপ্লেন মসজিদে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে।
পরে তার মৃতদেহ নিজ গ্রাম টাঙ্গাইলে নেওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানায়।
