২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি আদায়ে আইএলও’র হস্তক্ষেপ কামনা করেছে শিক্ষক-কর্মচারি ফ্রন্ট

জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট বেসরকারি স্কুল ও কলেজের কর্মচারিদের জন্য দৈনিক আট কর্মঘন্টা নির্ধারণ, চাকরিবিধি প্রণয়ন, অবৈধভাবে চাকরিচ্যুতি রোধ ও পুনর্বহালের দাবিতে আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও’র হস্তক্ষেপ কামনা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 03:58 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

সোমবার ঢাকায় আইএলও কার্যালয়ে স্থানীয় কর্মকর্তাদের সাথে বৈঠকে ফ্রন্ট নেতারা ওই হস্তক্ষেপ কামনা করেন। ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ ও আহ্বায়ক অধ্যক্ষ এমএ সাত্তারের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে যোগ দেন।

বৈঠকে সংস্থার পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএস ফনসেকা, প্রোগ্রাম অফিসার টিআইএম নূরুন্নবী খান ও সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় ফ্রন্ট নেতারা সংস্থার পরিচালকের কাছে তাদের দাবির সমর্থনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে একটি স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, দেশের বেসরকারি স্কুল ও কলেজগুলোতে বর্তমানে শিক্ষক ছাড়াও প্রায় এক লাখ কর্মচারি নিযুক্ত রয়েছে। তাদের আইএলও সনদ উপেক্ষা করে প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৬ ঘন্টা কাজ করতে হয়। তারপরও তাদের চাকরির কোন নিশ্চয়তা নেই।

শিক্ষক নেতৃবৃন্দ এ অবস্থার অবসানে আইএলও কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।