নীলফামারীতে আলু চাষ ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠছে
নীলফামারী ও লালমনিরহাটে আলু চাষ ক্রমশ জনপ্রিয়তা লাভ করছে। এরইমধ্যে জেলা দু’টিতে আলু চাষ কৃষিক্ষেত্রের গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। মৌসুমের শুরুতেই বিভিন্ন স্থানে আলু তোলা ও বিক্রির ধুম পড়েছে।
চাষীদের মতে, ভাইরাস মুক্ত টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত আলু বীজ বপন করে তারা সর্বাধিক ফলন পাচ্ছে। এতে অনেক কৃষকের ভাগ্যের চাকাও ঘুরে গেছে। তবে মৌসুমের শুরুতে চাষীরা আলুর ন্যায্য দাম পাচ্ছে না বলেও অনেকের অভিযোগ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলায় রেকর্ড পরিমাণ প্রায় ৮০ হাজার হেক্টর জমিতে আলুর চাষ করা হয়েছে। হেক্টর প্রতি ১২ টন আলু উৎপাদন হলে মোট উৎপাদনের পরিমাণ দাঁড়ায় ১০ লাখ টন। কর্মকর্তারা জানান, টিস্যু কালচার পদ্ধতিতে বাম্পার ফলন পাওয়ায় কৃষকরা আলু আবাদে উৎসাহী হয়ে উঠছে।
বিডিনিউজের সাথে আলাপকালে নীলফামারীর ডোমার দোলাপাড়া গ্রামের চাষী আসলাম জানান, চলতি বছর ৫৫ শতাংশ জমিতে ৪শ’ কেজি টিস্যু কালচার আলু বীজ বপন করে ফসল পেয়েছেন দুইশ’ ৪৫ মণ। কিশোরগঞ্জের দুরাকুঠি গ্রামে আনছার আলী ৭০ শতাংশ জমিতে আলু বীজ বপন করে পেয়েছেন দুইশ’ ৬০ মণ আলু। সৈয়দপুরের বাঙ্গালীপুর গ্রামের জামিরুল ইসলাম ৩৬ শতাংশ জমিতে ফলন পেয়েছেন একশ’ ৫৫ মণ।
জলঢাকার বাঁশদহ গ্রামের আজিজুল হক ৫০ শতাংশ জমিতে পলন পেয়েছেন দুইশ’ ২৮ মণ। সৈয়দপুরের বগুলাগাড়ি গ্রামের আজিজুল হক ৫০ শতাংশ জমিতে ফলন পেয়েছেন দুইশ’ ৩০ মণ, সোনাখুলি গ্রামের ওয়াদুদ ৪০ শতাংশ জমিতে ফলন পেয়েছেন একশ’ ৬৫ মণ।
সরেজমিনে বিভিন্ন হাট বাজার ঘুরে চাষীদের সাথে কথা বলে জানা গেছে, আলুর বাম্পার ফলন হলেও তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। ৮০ কেজির প্রতি বস্তা ডায়মন্ড আলু দুইশ’ থেকে দুইশ’ ২০ টাকা, কার্টিনাল একশ’ ৯০ টাকা থেকে দুইশ’ টাকা, গ্রান্টউলা একশ’ ৮৫ টাকা থেকে একশ’ ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।
তারা জানায়, বাজারে চারশ’ টাকার বস্তার আলু একশ’ ৭৫ টাকা থেকে একশ’ ৯০ টাকায় নেমে এসেছে। অথচ প্রতি বস্তা আলু উৎপাদনে খরচ পড়েছে দুইশ’ ৭৫ টাকা থেকে দুইশ’ ৮০ টাকা।
চাষীদের মতে, প্রতি বস্তায় তাদের ৭৫ টাকা থেকে ৯০ টাকা পর্যন্ত লোকসান দিতে হচ্ছে। পাইকারি বাজারে আলুর দাম কমে গেলেও খুচরা বাজারে আলুর দাম কমেনি। খুচরা বাজারে প্রতি কেজি আলু ৫ থেকে ৭ টাকা দামে বিক্রি হচ্ছে।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের একজন কর্মকর্তা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার মৌসুমের শুরু থেকে আলুর দাম কম। তবে এত কম দাম আর কখনো দেখা যায়নি।
