কুমিল্লায় টাকার বিনিময়ে অহরহ বিক্রি হচ্ছে ডাক্তারী সার্টিফিকেট
কোন যোগ্যতা না থাকা সত্বেও টাকার বিনিময়ে ডাক্তারি সার্টিফিকেট (এলএমএএফ) পাওয়া যাচ্ছে কুমিল্লা শহর ও শহরতলীর কয়েকটি সেন্টারে। শুধু সার্টিফিকেট বিক্রিই নয় অভিনব পন্থা অবলম্বন করে সাধারণ বেকার যুবক-যুবতীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে এসব প্রতিষ্ঠানের আয়োজকরা।
জানা যায়, কুমিল্লা শহরের শাসনগাছা রেলগেইট সংলগ্ন গোয়ালপট্টি ইউনাইটেড মেডিক্যাল হল, চকবাজার রুপালী সিনেমা হলের উত্তরে মৌচাক ম্যানসন ও মোহাম্মদিয়া মার্কেটে অবস্থিত সকপ, ডিপ্লোমা মেডিক্যাল ইনষ্টিটিউট , শহরতলীর বাদশা মিয়ার বাজার, শিবের বাজার এলাকায় পল্লী চিকিৎসা প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন ধরনের সাটিফিকেট (এলএমএএফ, এলডিএমএস, এলএইচএম এবং এফডব্লিউটি) ১৫ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
পল্লী চিকিৎসা প্রশিক্ষণ কোর্স কাগজে কলমে ৬ মাস মেয়াদী হলেও এবং শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এসএসসি উল্লেখ থাকলেও বাস্তবে এর সঠিক প্রয়োগ নেই। এসব প্রতিষ্ঠান থেকে বাস্তবে নবম, দশম আবার কখনও এর কম যোগ্যতা সম্পন্ন যে কেউই জাল সার্টিফিকেটের অধিকারী হতে পারে। টাকার বিনিময়ে এ প্রতিষ্ঠানগুলো যে কোন ব্যক্তিকে ডাক্তার বানিয়ে দিতে পারে বলে একাধিক সূত্র জানায়।
এ সকল সার্টিফিকেট পুঁজি করে শহর এবং শহরতলীর বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে তথাকথিত নামধারী ডাক্তার এবং ডাক্তারী চেম্বার। এ সকল ভূয়া সার্টিফিকেটধারীদের অপচিকিৎসায় প্রতিবছর অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।
জানা যায় পল্লী চিকিৎসা প্রশিক্ষণ কোর্সের নামে ৬ মাস মেয়াদের কথা বলে বিভিন্ন খাত দেখিয়ে জন প্রতি ৭ হাজার ৩শ টাকা এবং এডিএমএস ১ বছর কোর্সের জন্য ৮ হাজার ৩শ টাকা ছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশলে টাকা নিচ্ছে।
এ ব্যাপারে কুমিল্লার ভার প্রাপ্ত সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর আলম এ প্রতিবেদককে জানান, এসব প্রশিক্ষণ কেন্দ্রের কোন বৈধতা নেই, তারা মনগড়া প্রতিষ্ঠান খুলে এ সকল ভূয়া সার্টিফিকেট প্রদান করছে। সম্পূর্ণ অবৈধভাবে তারা প্রতারণা মূলক এসব প্রতিষ্ঠান পরিচালনা করছে।
