সেপ্টম্বরের পর থেকে শুধু সিএনজি চালিত সরকারি মোটরযানকে জ্বালানি খরচ দেয়া হবে
পেট্রোল ও অকটেন চালিত সরকারি মোটরযানগুলো এ বছরের সেপ্টেম্বর মাসের পর থেকে শুধুমাত্র সিএনজি’র জন্য অর্থ পাবে।
সরকারি ব্যয় কমিয়ে আনার পদক্ষেপ হিসেবে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান মঙ্গলবার বলেন পেট্রোল ও অকটেনের জন্য কোনও বরাদ্দ দেয়া হবে না।
তিনি সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহের সকল ধরনের পেট্রোল ও অকটেন চালিত মোটরযানগুলোকে এ বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে সিএনজি’তে রূপান্তরিত করার নির্দেশ দেন।
জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের কাছ থেকে জ্বালানি তেল ক্ষেত্রে ক্ষতির হিসাব জানার পর সাইফুর রহমান এ নির্দেশ দেন।
সিএনজি চালিত মোটরযান ৭০ শতাংশ জ্বালানি খরচ কমাতে পারে বলে তিনি জানান।
শুধু তাই নয় পরিবেশের স্বার্থে হাইকোর্ট সকল সরকারি যানবাহনসমূহকে সিএনজিতে রূপান্তরিত করার আদেশ দিয়েছিল।
