ঢাবি ক্যাম্পাসে মধুদা’র ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি ও বিরোধী দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে শহীদ মধুসূদন দে (মধুদা)’র ৩৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে মধুদা’ মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ ক্যাম্পাসের ঐতিহাসিক মধু’র কেন্টিনে স্মরণসভার আয়োজন করে।
স্মরণসভায় পাট ও বস্ত্রমন্ত্রী শাজাহান সিরাজ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, সাবেক পানিসম্পদ মন্ত্রী আবদুর রাজ্জাক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সিপিবি’র সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম তাঁদের ছাত্ররাজনীতি কালে মধুদা’র অবদানসহ বিভিন্ন স্মৃতিচারণ করেন।
তারা মধুদা’র অবদান স্মরণ করে তার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের জন্য তার স্মৃতি সংরক্ষণ করা জরুরি বলে মত প্রকাশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, উপ-উপাচার্য অধ্যাপক এএফএম ইউসুফ হায়দার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক রাশিদুল হাসানও স্মরণসভায় উপস্থিত ছিলেন।
প্রাক্তন ছাত্রনেতা আখতারুজ্জামান এবং হাবিবুর রহমান হাবিবও সভায় বক্তব্য রাখেন।
এর আগে মধুদা’ মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের পক্ষ থেকে মধুদা’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
