২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা সেচ প্রকল্পের দ্বিতীয় পর্বের কার্যক্রম ফান্ডের অভাবে থেমে গেছে, দাতা সংস্থা নীরব

জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত দেশের বৃহত্তম তিস্তা সেচ প্রকল্পের দ্বিতীয় পর্বের কার্যক্রম ফান্ডের অভাবে থেমে গেছে। এ ব্যাপারে দাতা সংস্থাগুলোও এগিয়ে আসছে না।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 10:05 AM

Updated : 26 Apr 2022, 05:34 PM

এই তিস্তা সেচ প্রকল্প উত্তরাঞ্চলের কৃষকের জীবন ও জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উত্তরাঞ্চলের কৃষক ও কৃষিকে সজীব রাখতে অধিক ফসল উৎপাদনের নিমিত্তে ১৯৮৩ সালে তৎকালীন সরকার ৯৭০ কোটি টাকা ব্যয়ে তিস্তা নদীর ওপর একটি ব্যারেজ নির্মাণ করে।

১৯৯০ সাল থেকে তিস্তা সেচ প্রকল্পের অধীনে উত্তরাঞ্চলের রংপুর, নীলফামারী ও দিনাজপুর জেলার ১২টি উপজেলায় ১ লাখ ১১ হাজার হেক্টর জমিতে নতুন উদ্যমে ফসল উৎপাদন শুরু হয়। প্রথম পর্বের কাজ ১৯৯৮ সালে শেষ হওয়ার পর দ্বিতীয় পর্বের কাজ শুরুর পরিকল্পনা গ্রহন করা হয় বলে জানা যায়।

তিস্তা সেচ প্রকল্পের দ্বিতীয় পর্বে ৫ লাখ ৫৪ হাজার হেক্টর জমিতে চাষাবাদের জন্য সেচ সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১৬৬ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় পর্বের কাজ সমাপনের জন্য ৫ বছর সময় নির্ধারণ করে। পরিকল্পনা মাফিক ২০০৩ সাল থেকে ২৪ কোটি টাকা বরাদ্দ পেয়ে প্রকল্পের দ্বিতীয় পর্বের কাজ শুরু হলেও এক বছর পরে অর্থাভাবে তা বন্ধ হয়ে গেছে।

এ প্রকল্পের দ্বিতীয় পর্বের কাজ সম্পন্ন করার জন্য দাতা সংস্থাগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও সাড়া মেলেনি। যদি দাতা সংস্থাগুলো প্রকল্পটি বাস্তবায়নে এগিয়ে না আসে অর্থাৎ অর্থ যোগান না দেয়, তাহলে দেশীয় অর্থ যোগানের মাধ্যমে প্রকল্পটি শেষ করতে ২০ বছর সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছেন।

দ্বিতীয় পর্বের প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধার লক্ষাধিক কৃষক তাদের অনাবাদি জমিতে আবাদের সুযোগ পাবে এবং এসব জমি থেকে পর্যাপ্ত পরিমাণে আশানুরূপ ফসল ঘরে তুলতে পারবে ।