২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের দাম বাড়ছে শিগগিরই

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর অব্যাহত লোকসান ঠেকাতে আগামী সপ্তাহে সরকার তেলের দাম বাড়াতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 06:43 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

বুধবার বিষয়টি নিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বিষয়টি খুব স্পর্শকাতর। কি ভাবে এই লোকসান কমানো হবে তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের পর সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি জানান যে, এই কাজের অংশ হিসেবে পেট্রোল এবং অকটেনের দাম একই পর্যায়ে আনা হতে পারে। বর্তমানে প্রতি লিটার পেট্রোলের দাম ৩৩ টাকা এবং অকটেনের দাম ৩৫ টাকা।

অন্যদিকে প্রতি লিটার ডিজেল এবং কেরোসিনের দাম ২৩ টাকা। এই দামে বিক্রি করে প্রতি লিটার ডিজেলে সাড়ে ১০ টাকা এবং কেরোসিনে ১১ টাকা ৪০ পয়সা করে লোকসান হচ্ছে।

জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে, বর্তমানে প্রতি মাসে বিপিসি‘র লোকসান হচ্ছে ২৬৮ কোটি টাকা।

সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বাংলাদেশ সফরকারী মিশনের পক্ষ থেকে সরকারকে বলা হয়েছে, তেলের দাম না বাড়ালে বিপিসি‘র যে লোকসান হচ্ছে তা সরকারকে ভর্তুকি হিসেবে প্রদান করতে হবে। অর্থ মন্ত্রণালয় আইএমএফ এর এই প্রস্তাবে সম্মত হয়নি।

বিশ্বব্যাংক এবং এডিবি‘র সাথে সমঝোতার অংশ হিসেবে সরকার ঘোষিত প্রাইসিং পলিসি অনুসারে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেলে প্রতি ৬ মাস পরপর দাম সমন্বয় করার কথা। সরকার সর্বশেষ গত জানুয়ারি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে। সে হিসাবে আগামী জুন মাসে আবার জ্বালানি তেলের দাম সমন্বয় করার কথা।

অর্থমন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজকে বলেন, ডিজেল এবং কেরোসিনে যে পরিমাণ লোকসান হচ্ছে এই পরিমাণ দাম একবারে বৃদ্ধি করা সম্ভব নয়। তবে মধ্যপন্থা হিসেবে বিপিসি‘র লোকসান কমানোর জন্য কর কমিয়ে এবং দাম বাড়িয়ে বিষয়টি সমন্বয় করা হতে পারে।

বর্তমানে বিপিসি প্রতি ব্যালেট ক্রুড অয়েল ৫০ ডলার পর্যন্ত কিনছে। আর পরিশোধিত তেল কিনতে হচ্ছে আন্তর্জাতিক বাজার দরে। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ক্রুড তেলের দাম এখন ৫২ মার্কিন ডলারের সামান্য উপরে।