মার্কিন কংগ্রেসম্যানের কাছে কিবরিয়া হত্যায় জড়িতদের ব্যাপারে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন সমশের
ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত সমশের মুবিন চৌধুরী বীরবিক্রম মঙ্গলবার মার্কিন কংগ্রেসম্যান বার্নি ফ্রাঙ্কের (ডিএমএ) সাথে সাক্ষাৎ করে সাবেক অর্থমন্ত্রী এসএএমএস কিবরিয়ার হত্যাকারীদের বিচারের জন্য আদালতে ন্যাস্ত করার ব্যাপারে সরকারের দৃঢ় মনোভাবের কথা পুনর্ব্যক্ত করেছেন।
মঙ্গলবার সমশের মুবিন চৌধুরী মার্কিন কংগ্রেসম্যানের সাথে সাক্ষাত করে প্রখ্যাত কূটনীতিক কিবরিয়া হত্যাকাণ্ডের তদন্তেঅগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
কিবরিয়া হত্যাকাণ্ডের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে যে তিন জন মার্কিন কংগ্রেসম্যান বাংলাদেশ সরকারের কাছে চিঠি লিখেছেন বার্নি ফ্রাঙ্ক তাদের একজন।
কিবরিয়া হত্যাকাণ্ডের তদন্তে এফবিআই’কে সহযোগিতার ব্যাপারে রাষ্ট্রদূত ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সন্তুষ্টির বিষয়টি তাকে অবহিত করেন এবং তার দাবির সত্যতা যাচাই করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে বলেন। বার্নি ফ্রাঙ্ক এ ব্যাপারে তার সম্মতি জ্ঞাপন করেছেন।
আলোচনাকালে রাষ্ট্রদূত বাংলাদেশের দ্রুত বিচার আদালত আওয়ামী লীগের সংসদ সদস্য আহসান উল্যাহ মাস্টারের হত্যাকারীদের যে শাস্তি দিয়েছে সে বিষয়েও তিনি মার্কিন কংগ্রেসম্যানকে অবহিত করেন।
আহসানউল্লাহ মাস্টারের পরিবারের সদস্যদের কথা উল্লেখ করে তিনি বলেন, কিবরিয়ার পরিবারের মতো আহসানউল্লাহ মাস্টারের পরিবারের সদস্যরাও তদন্ত ও বিচারের ব্যাপারে তাদের উদ্বেগ প্রকাশ করেছিলেন, কিন্তু রায়ের পর আওয়ামী লীগ সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টারের পুত্র রায়ের ব্যাপারে তার পূর্ণ সন্তুষ্টি প্রকাশ করেছে।
বার্নি ফ্রাঙ্কের কার্যালয়ে এ বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক অগ্রগতির ব্যাপারেও তাকে অবহিত করেন। তিনি উল্লেখ করেন যে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, নারীর ক্ষমতায়ন, সংবাদপত্রের স্বাধীনতা এবং শক্তিশালী সুশীল সমাজ গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে কাজ করছে।
বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে বিদ্যমান গণতন্ত্র ও নারীর ক্ষমতায়নের উল্লেখ করে বাংলাদেশের প্রসংশা করেন মার্কিন কংগ্রেসম্যান।
রাষ্ট্রদূত বাংলাদেশ সফরে তাকে আমন্ত্রণ জানালে তাৎক্ষণিকভাবে তিনি সম্মতি জ্ঞাপন করেন এবং এ বছরের ডিসেম্বরে তিনি বাংলাদেশ সফর করতে পারেন বলে জানান।
