২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী

শুক্রবার ১২ রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। ইসলাম ধর্মের প্রবর্তক শ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ (সা:) এর জন্ম ও ওফাত দিবস। সারা পৃথিবী জুড়ে ইসলাম ধর্মের অনুসারিদের তাৎপর্যময় দিন। বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিনটি সারা বিশ্বে উদযাপিত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 05:18 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মুসলমানদের পারিবারিক কর্মসূচি ছাড়াও সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইসলামপন্থী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব সংগঠন ও রাজনৈতিক দল এবং দরবার শরীফ ও খানকায় এ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাত ও শুক্রবার দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মিলাদ, ওয়াজ, আলোচনা সভা, জিকির, সামা এবং বর্ণাঢ্য জশনে জুলছে মিছিলের আয়োজন করা হয়েছে।

দিনটি সরকারি ছুটির দিন হিসেবে পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী বাণী প্রদান করেছেন।

৫৭০ খ্রীস্টাব্দে আরবি রবিউল আওয়াল মাসের ১২ তারিখ আরবের অভিজাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন হজরত মুহাম্মদ (সা.)। আরব দেশে তখন পৌত্তলিকতার যুগ। মানুষের মধ্যে ছিল বিভেদ। মর্যাদা ছিল না নারীর, মর্যাদা ছিল না মানুষের। এমন এক অন্ধকার ও নৈরাজ্যের সময় তিনি পৃথিবীর মানুষের কাছে নিয়ে আসেন আলোর বার্তা। পৃথিবীকে দেন দিক নির্দেশনা। হেরা গুহায় দীর্ঘ সাধনার পর ৪০ বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন। এরপর তিনি ১৩ বছর ইসলাম ধর্ম প্রচার করেন এবং এশিয়া, আফ্রিকার একটি বিশাল ভূখন্ডের মানুষ গ্রহণ করে তাঁর ধর্ম। ৬৩৩ খীস্টাব্দে আরবী ১২ রবিউল আওয়াল তারিখে ৬৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

পৃথিবীতে মুহাম্মদ (সা.)’র জন্ম ও কর্ম এক অনন্য ঘটনা। মুহাম্মদের (সা.) মৃত্যুর পর সভ্যতা যেন দু পর্বে ভাগ হয়ে গেছে। মুহাম্মদের (সা.) আগের পৃথিবী এবং মুহাম্মদের (সা.) পরের পৃথিবী। পৃথিবীকে এমনভাবে নাড়া দেয়নি আর কেউ। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ‘মুহাম্মদকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতাম না’।

দিবসটি উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন পক্ষকাল ব্যাপী বইমেলার আয়োজন করেছে। এ উপলক্ষ্যে নারায়নগঞ্জের কদমরসুল দরগায় শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী মেলা। মাইজভান্ডার দরবার শরীফের উদ্যোগে শুক্রবার পল্টন ময়দান থেকে বের হবে বর্ণাঢ্য মিছিল।

জামাতে ইসলামী ও আহলে হাদিস আন্দোলন দিনটি সিরাতুন্নবী (সা.) হিসেবে পালন করবে এবং এ উপলক্ষ্যে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।