সমাজ সেবার মাধ্যমে ভাবমূর্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে র্যাব
সমাজ সেবার মাধ্যমে ভাবমূর্তি প্রতিষ্ঠার পদক্ষেপ নিতে যাচ্ছে আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। যে সব সদস্যের কারণে র্যাবের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
র্যাবের বিদায়ী মহাপরিচালক আনোয়ারুল ইকবাল র্যাব সদর দপ্তরে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে সৌজন্য আলাপকালে এ পরিকল্পনার কথা জানান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে সুর মিলিয়ে আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের বলেন, “মানবাধিকার সংগঠনগুলো যা বলছে আমরা তার সাথে দ্বিমত পোষণ করি না কিন্তু আমরা জীবনের নিরাপত্তাকে সর্বাগ্রে স্থান দেই।”
ওই অনুষ্ঠানে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল চৌধুরী ফজলুল বারি, বিভিন্ন শাখার পরিচালক, উপ পরিচালক ও কমান্ডার-ইন-চীফরা উপস্থিত ছিলেন।
আলাপকালে তিনি দেশের জনগণ ও সাংবাদিকদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি তার সময়কালে র্যাবের বিভিন্ন আলোচিত অপারেশনের কথা স্মরণ করেন। আনোয়ারুল ইকবালকে পুলিশের (প্রশাসন) অতিরিক্ত আইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, র্যাব সদস্যদের বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিশু ও ছাত্রদের সাথে সম্পর্ক আন্তরিক করার নির্দেশ দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো স্কুলের শিক্ষার্থীদের মন থেকে র্যাব সম্পর্কে ভ্রান্ত ধারণা ও ভয় দূর করা।
এই সকল কর্মসূচীর মধ্যে র্যাব প্রশাসন স্কুল ছাত্রদের জন্য অনুর্দ্ধ ১৪ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করবে।
শুরু থেকেই র্যাবের বিরুদ্ধে অভিযোগের বিষয়টিকে সুস্পষ্ট করে তুলতে তিনি বলেন, শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে র্যাবের কমপক্ষে ১৩৩ জন সদস্যকে তাদের মূল সংস্থায় ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ডাকাতি, দুর্নীতি ও ঘুষ গ্রহণের মারাত্মক ধরনের অপরাধ সংঘটনের কারণে ৫৭ জনের শাস্তি প্রদান করা হয়। আর বিভাগীয় শৃংখলা ভঙ্গের কারণে ৭৬জনকে এ শাস্তি দেওয়া হয়।
তিনি আরও বলেন র্যাব কর্তৃপক্ষ ইতোমধ্যে এর সদস্যদের বিরুদ্ধে আরও ৭৪টি অভিযোগ অনুসন্ধানের জন্য সরকারের অনুমতি পেয়েছে। এর মধ্যে ৫০টি অভিযোগের চার্জশীট প্রস্তুত করা হয়েছে।
র্যাবের মহাপরিচালক বলেন, “র্যাব পুলিশের চেয়ে ক্ষমতাধর নয়। বরং র্যাব পুলিশ প্রশাসনের অধীনে কাজ করে।” তবে তিনি এও বলেন যে, সন্ত্রাসী কর্মকান্ড নিয়ন্ত্রণে র্যাব একটি শক্তিশালী সংস্থা হিসেবে আর্বিভূত হয়েছে।
র্যাবের বিদায়ী মহাপরিচালক আরও বলেন কোনও র্যাব সদস্যের বিরুদ্ধে মামলা করতে সরকারের কোন অনুমতি লাগে না। র্যাবের জন্য নতুন কোন আইনের প্রয়োজন নেই কিন্তু রেগুলেশন থাকতে পারে যাতে তারা দোষী সাব্যস্ত হলে বিচারের সম্মুখীন করা যেতে পারে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল চৌধুরি ফজলুল বারি বলেন, “যদি কেউ প্রমাণ করতে পারে যে র্যাব ভালো না, তাহলে আমি ইউনিফর্ম ত্যাগ করবো এবং এই চাকুরি থেকে অব্যহতি নেবো।”
সরকার পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (খুলনা জোন) আব্দুল আজিজ সরকারকে র্যাবের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন।
