সাতক্ষীরায় সহিংস ঘটনার দায় অস্বীকার করেছে খতমে নবুওয়ত
খতমে নবুওয়ত আন্দোলন বাংলাদেশ সম্প্রতি সাতক্ষীরায় আহমদীয়া সম্প্রদায়ের লোকজন ও বাড়িঘরের ওপর হামলার দায়-দায়িত্ব অস্বীকার করার পাশাপাশি হামলার জন্য আহমদীয়া সম্প্রদায়কেই দায়ী করেছে।
গত ১৭ এপ্রিল খতমে নবুওয়তের উদ্যোগে সাতক্ষীরার শ্যামনগর থানার সুন্দরবন বাজারে আহমদীয়া সম্প্রদায়ের মসজিদ ঘেরাও কর্মসূচিতে এই হামলার ঘটনা ঘটে।
সেই সাথে সংবাদমাধ্যমে প্রকাশিত ওই ঘটনার বিবরণকে খতমে নবুওয়ত নেতারা ভ্রান্ত ও অসত্য বলে অভিহিত করেন।
তেজগাঁওয়ের রহিম মেটাল জামে মসজিদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার খতমে নবুওয়তের আমীর মাওলানা মাহমুদুল হাসান মোমতাজী এক লিখিত বিবৃতিতে আহমদীয়াদের অমুসলিম ঘোষণার দাবিতে সংসদে আইন পাশ ও সংবিধানে এ সংক্রান্ত ধারা সংযোজনেরও দাবি জানান।
তিনি বলেন, সাতক্ষীরায় আহমদীয়া সম্প্রদায়ের ওপর নবুওয়ত কর্মীদের হামলা বিষয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর আদৌ সত্য নয়। কেননা পুলিশ প্রায় দেড় কিলোমিটার দূরে আমাদের কর্মীদের থামিয়ে দেয় এবং পুলিশের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আমরা মাত্র তিনজন নেতা আহমদীয়াদের ’আস্তানায়’ সাইনবোর্ড টাঙাতে যাই।
তিনি আরও বলেন, এরপর আহমদীয়ারাই পুলিশের উপস্থিতিতে আমাদের ওপর হামলা চালালে আমাদের মহাসচিব এবং একজন সাংবাদিকসহ সাতক্ষীরার এসপি স্বয়ং আহত হন। তবে এই হামলার খবর প্রকাশিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে এসপি’র অনুরোধে আমরা তা করিনি।
বরং আহমদীয়াদেরই দু’টি গ্রুপ সাইনবোর্ড খুলে ফেলা না ফেলা নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়, বলে তিনি দাবি করেন।
খতমে নবুওয়ত নেতারা দাবি করেন হযরত মুহম্মদ (সঃ)-কে সর্বশেষ নবী হিসেবে না মানলে আহমদীয়াদের উচিত বাহা’ইদের মতো নিজেদের জন্য পৃথক ধর্মের ঘোষণা দেয়া। সেই সাথে ‘এরূপ অবিশ্বাসীদের’ সাংবিধানিকভাবে অমুসলিম ঘোষণার জন্য তিনি সংবিধানে নূতন ধারা সংযোজনেরও দাবি জানান।
তিনি বলেন, এর ফলে আহমদীয়াদের বিরুদ্ধে পরিচালিত আন্দোলন আদালতে চলে যাবে এবং বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার প্রশ্ন থাকবে না।
খতমে নবুওয়ত জানায়, আগামী ৩০ সেপ্টেম্বর নাখালপাড়ায় এবং ২৩ ডিসেম্বর বকশী বাজারে আহমদীয়া কমপ্লেক্স ঘেরাও কর্মসূচি অপরিবর্তিত রয়েছে।
