২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি ও ব্যর্থ শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন শিক্ষাবিদরা

জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্টের গোল টেবিল বৈঠকে বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদগণ আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি ও শর্তপূরণে ব্যর্থ শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে শিক্ষার মান নিশ্চিত করার দাবি জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 06:37 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

আলোচকগণ শিক্ষাখাতকে উৎপাদনশীল খাত হিসেবে উল্লেখ করে বলেন, সরকারের উচিৎ শিক্ষা খাতকে অলাভজনক না ভাবা। অনুৎপাদনশীল খাতের তুলনায় এ উৎপাদনশীল খাতে রাজস্ব ব্যয় বরাদ্দ বাড়ানোর দাবি জানান তারা।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এ গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। ‘বাংলাদেশে মানব উন্নয়ন- শিক্ষা- সরকারী বরাদ্দ’ শীর্ষক এ বৈঠকে সভাপতিত্ব করেন ফ্রন্টের আহ্বায়ক কাজী ফারুক আহমেদ।

অধ্যাপক আবুল বারকাতের পক্ষে সভাপতি নিজেই মূল নিবন্ধ উপস্থাপন করেন।

আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক একে আজাদ চৌধুরী, কারিগরি শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক সাইফুল হক, অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলিকুজ্জামান, অর্থনীতিবিদ ড. আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আআমস আরেফীন সিদ্দিক, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান।

অধ্যাপক আজাদ চৌধুরী বলেন, ৭৫’র পর দেশের শিক্ষা খাতে বাজেট নিচে নেমে গেছে। অথচ বেড়েছে অনুৎপাদনশীল খাতের বাজেট। অনুৎপাদনশীল খাতের বর্ধিত বাজেট কমিয়ে শিক্ষা খাতের বরাদ্দ বৃদ্ধি করতে হবে। শিক্ষাকে বাণিজ্যিকভাবে ব্যবহার বন্ধ করতে হবে। শিক্ষকদের মর্যাদা অনুযায়ী বেতন বাড়াতে হবে।

অধ্যাপক সাইফুল হক বলেন, দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কারিগরি শিক্ষায় শিক্ষিতদের নিয়োগ করা হচ্ছে না। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

কাজী খলিকুজ্জামান বলেন, শিক্ষার লক্ষ্য নৈতিক মূল্যবোধ অর্জন হলেও বর্তমানে তা শেখানো হচ্ছে না। বরং ইতিহাস বিকৃত করে শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হচ্ছে।

ড. আতিউর রহমান বলেন, যোগ্যতার মাপকাঠিতে প্রাথমিক বা মাধ্যমিক পর্যায়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে না। এসব প্রতিষ্ঠানে নিয়োগ করা হচ্ছে প্রভাবশালীদের পছন্দের ব্যক্তিদের। ফলে মানসম্মত শিক্ষা ব্যাহত হচ্ছে।