২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও উফাত দিবস উপলক্ষে শুক্রবার সারাদেশে ধর্মীয় ভাব প্রগাঢ়তা ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

এ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিলাদ, ওয়াজ মাহফিল, আলোচনা সভা, সেমিনার, বর্ণাঢ্য মিছিল, সমাবেশ, মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

হিজরী সনের রবিউল আওয়াল মাসের ১২ তারিখে ইসলাম ধর্মের প্রবর্তক, শ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ (সা.) বিশ্ব মানব সম্প্রদায়ের জন্য শান্তির বার্তা নিয়ে এই ধরিত্রীতে আসেন। পৃথিবীর মানুষকে আলোর পথ দেখিয়ে ৬৩ বছর বয়সে বরিউল আওয়াল মাসের ১২ তারিখেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন।

মুসলিম ঐতিহ্যে হজরত মুহাম্মদের (সা.) জন্ম ও ওফাতের এই দিবসটি সারা দুনিয়ায় পালিত হয় ঈদে মিলাদুন্নবী হিসেবে। পালিত হয় অন্যতম ধর্মীয় উৎসব হিসেবে।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও বাংলাদেশ বেতারে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয় নানা নিবন্ধ। সরকারি ও বেসরকারি ভবনে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো সাজানো হয় জাতীয় পতাকা ও কলেমা তৈয়ব লেখা পতাকা দিয়ে।

দেশের সকল হাসপাতাল, কারাগার, শিশু সদন, দুস্থ কল্যান কেন্দ্রে পরিবেশন করা উন্নত মানের খাদ্য। দিনটি ছিলো সরকারি ছুটির দিন। এ উপলক্ষে সংবাদপত্র অফিসগুলো বন্ধ ছিল।

শুক্রবার সকালে পল্টন ময়দানে আশেকানে মাইজভান্ডারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবীর মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম পীর সৈয়দ মজিবুল বশর আল হাচানী আল মাইজভান্ডারী বলেন, মানব জাতির জন্যে শ্রেষ্ঠ ঈদ হচ্ছে ঈদে মিলাদুন্নবী।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ড. মঈন খান, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য আমির হোসেন আমু, মওলানা নুরুল ইসলাম রিজভী, মওলানা নিজামুল হক শেরে বাংলা মাইজভান্ডারী প্রমুখ। সমাবেশ শেষে জশনে জুলুছে নামে একটি বর্নাঢ্য মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আহলে সুন্নত ওয়াল জামাত দিবসটি উপলক্ষে রাজধানীতে বের করে জশনে জুলুছে নামে বর্ণাঢ্য গাড়ি মিছিল। রং-বেরংয়ের পতাকাসহ মটরবাইক, পিক আপ, বাস আর ট্রাকের সমন্বয়ে এ মিছিলটি পথচারিদের দৃষ্টি কাড়ে। রং-বেরংয়ের পতাকা নিয়ে এ ধরণের আরও কয়েকটি বর্ণাঢ্য মিছিল বের করে বিভিন্ন সংগঠন।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুক্রবার গুলিস্তান, পল্টন, প্রেসক্লাব, মতিঝিল অঞ্চল উৎসবমুখর এলাকায় পরিনত হয়। এ সময় ইসলামপন্থী বিভিন্ন সংগঠন ও দরবার শরীফের রং-বেরংয়ের পতাকা নিয়ে মিছিলের ফলে পুরো এলাকা হয়ে ওঠে উৎসব মুখর। মিছিলকারী আশেকানরা কেউ জিকির, আবার কেউ বা মুহাম্মদের (সা.) প্রশস্তি করে লেখা গান গান।

সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন হয়। ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে পক্ষকাল ব্যাপী বইমেলা।

এছাড়া ইসলামী ফাউন্ডেশন ওয়াজ মাহফিল, সেমিনার, বেতারের সঙ্গে যৌথ অনুষ্ঠান করার কর্মসূচি গ্রহণ করে। বাংলা একাডেমীর সেমিনার কক্ষে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মিলাদ মাহফিল। জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল বাদ আসর অনুষ্ঠিত হয় । তমুদ্দুন মজলিস কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করে ‘ব্যক্তিগত ও সামাজিক জীবনে মহানবীর (সা.) আদর্শ অনুসরণের উপায়’ শীর্ষক আলোচনা সভার। আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় জাতীয় পার্টির তোপখানার কেন্দ্রীয় কার্যালয়ে। অনুষ্ঠিত হয় ঢাকা মহানগরী সমিতির কার্যালয়ে।

এ ছাড়া জাকের পার্টি, দেওয়ানবাগ দরবার শরীফ, আহলা দরবার শরীফ, মিরপুর ফকিরবাড়ি দরবার শরীফ, দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফ, জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সংগঠন, আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া, আঞ্জুমানে আছাদিয়া নুরিয়া সেহাবিয়া, বারো দরবার শরীফ, গাউছুল আজম জামে মসজিদসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে।

পুরোনো ঢাকার আলী নেকীর দেউড়ি পঞ্চায়েত কমিটি চারটি গরু কোরবানী দেয়।