২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেকট্রাম গার্মেন্টসে শ্রমিক নিহতের প্রতিবাদে রাজধানীতে শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ

সাভারে স্পেকট্রাম গার্মেন্টস ধসে শ্রমিক নিহতের প্রতিবাদে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের যৌথ উদ্যোগে মুক্তাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2005, 05:36 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

শুক্রবার দেশ্যব্যাপী ’গার্মেন্টস শোক ও প্রতিবাদ দিবস’ এর অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়।

গার্মেন্টস শ্রমিক নেতা আমিরুল হক আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক নেত্রী কল্পনা আক্তার, সাহিদা সরকার ও নুরুন নাহার।

বক্তারা অবিলম্বে স্পেকট্রাম গার্মেন্টস মালিককে গ্রেফতার, নিহত প্রত্যেক শ্রমিক পরিবারকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণ দাবি করেন।

তারা ভবন ধসের ঘটনা তদন্তে ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করারও জোর দাবি জানান।

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য শহিদুল্লাহ চৌধুরী, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি সফিকুর রহমান মজুমদার, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি নুরুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিন বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবেদ রাজা।

পরে কর্মসূচির অংশ হিসেবে এক বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। কালো ও লাল পতাকা হাতে শত শত গার্মেন্টস শ্রমিক মিছিলে অংশগ্রহণ করে।