ডায়রিয়ায় এক সপ্তাহে ৭ জনের মৃত্যু
ডায়রিয়ায় বৃহস্পতিবার আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে ডায়রিয়ার কারণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাতে।
কর্মকর্তারা জানান, ব্যাপকভাবে ডায়রিয়া দেখা দেয়ায় দেশের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা হঠাৎ করেই বেড়ে গেছে।
এদিকে গ্রীষ্মের প্রখর তাপদাহ এবং তীব্র পানির সংকটের কারণে নগরীর মানুষের দুর্ভোগ আরও বৃদ্ধি পেয়েছে।
গত ২৪ ঘন্টায় মাদারীপুর ও শরীয়তপুরে দু’জনের মৃত্যু হয়েছে। মাগুরা, ফেনী, দিনাজপুর, পাবনা ও গোপালগঞ্জ জেলায় অন্য পাঁচজনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে মোট ১২ হাজার একশ ৩৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এর ফলে গত এক মাসে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৬৪ জনে দাঁড়িয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে গোপালগঞ্জে, ১৫৬ জন। অন্যদিকে কুমিল্লায় আক্রান্তের সংখ্যা ১১০ জন, নোয়াখালীতে ১০৩ জন, ঠাকুরগাঁওয়ে ৮৩ জন, মাগুরায় ৮০ জন, শরীয়তপুরে ৫৫ জন, নারায়নগঞ্জে ৩৬ জন।
হাসপাতাল ও ক্লিনিক সূত্র জানায়, ডায়রিয়া আক্রান্তদের বেশির ভাগই শিশু ও নারী। এদিকে দেশের বিভিন্ন হাসপাতালে বিশেষ করে মফস্বলের হাসপাতালগুলোতে স্যালাইন সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।
নগরীর মোহাম্মদপুর, মালিবাগ, বাড্ডা, মুগদা, কাঁঠালবাগান, ঝিগাতলা, মিরপুর ও পুরান ঢাকায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে। এসব এলাকায় নারী পুরুষকে রাস্তার পাশের পানির কল থেকে পানি সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
নগরীর অনেকে অভিযোগ করেন, ওয়াসার বেশির ভাগ পাম্প অকেজো থাকায় তারা পানি পাচ্ছেন না।
বিশেষজ্ঞরা বলেন, গ্রীষ্মে পানির স্তর নিচে নেমে যাওয়ায় এ সংকট দেখা তীব্র আকার ধারণ করেছে।
এছাড়া তীব্র তাপদাহের কারণে জনজীবন আরও দুঃসহ হয়ে উঠেছে। লোকজন দুপুরের দিকে ঘর হতে বের হতে সাহস পাচ্ছে না।
ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, আরও কিছুদিন এ অবস্থা অব্যহত থাকতে পারে।
