২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলায় সরকারের কোনও কার্যকর পদক্ষেপ নেই

বাংলাদেশ ভূমিকম্প প্রবন এলাকায় অবস্থান করলেও দুর্যোগ মোকাবেলায় সরকারের কোনও কার্যকর পদক্ষেপ নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

বিশেষজ্ঞরা বলেন, দেশে ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি থাকা সত্ত্বেও সরকারের ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির শঙ্কা অনেক বেশি।

তারা আরও বলেন, যদি ঢাকা শহরে রিখটার স্কেলে ৬ মাত্রার কোনও ভূমিকম্প আঘাত হানে তাহলে শহরটির ৩০ শতাংশ ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এবং কমপক্ষে দুই লাখ মানুষ প্রাণ হারাতে পারে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ঢাকা শহরে যদি রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে এবং যদি এর উৎপত্তিস্থল ঢাকা অথবা এর আশেপাশে হয় তাহলে ইট পাথরের ধ্বংসস্তুপে পরিণত হবে।

তিনি আরও বলেন, দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার অভিযান অনেক বেশি গুরুত্বপূর্ণ।

যদিও ভূতাত্ত্বিকভাবে ঢাকা শক্ত মাটির ওপর অবস্থিত কিন্তু অপরিকল্পিত নগরায়ন, ভবন নির্মাণ নীতিমালা লঙ্ঘন এবং ওয়াসা, ডেসা, টিএণ্ডটি এবং পিডিবি’র বছরজুড়ে বিভিন্ন স্থান খোড়াখুড়ির কারণে ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলায় শহরটি ঝুঁকির মধ্যে রয়েছে।

পুরোনো ঢাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ত্র“টিপূর্ণভাবে ভবন নির্মান এই ঝুঁকির আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে বলে বিশেষজ্ঞরা জানান।

তিতাস গ্যাস সূত্র জানায়, প্রায় ৯৫ শতাংশ গ্যাসের চূলা সারাক্ষণ চালু রাখা হয়। এর ফলে কোনও ভূমিকম্প আঘাত হানলে গ্যাস চূলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড, রাজধানীর ৩০ শতাংশ এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

টেলিযোগাযোগ একেবারেই বন্ধ হয়ে যেতে পারে। ফলে ফায়ার সার্ভিসে খবর দেয়াও অসম্ভব হয়ে পড়বে। শহরের সরু রাস্তার অনেক ক্ষেত্রেই ফায়ার সাভির্সের গাড়ি না ঢুকতে পারায় অগ্নিকাণ্ডজনিত ক্ষয়ক্ষতি বেড়ে যাবে অনেক গুণ।

ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলায় সরকারের বড় ধরনের কোনও কার্যকর প্রস্তুতি না থাকার কথা উল্লেখ করে খাদ্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন, গত দুই/তিন বছর ধরে আমরা এ ব্যাপারে অনেক বৈঠক করেছি। দেরিতে হলেও আমরা ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি মহড়া করতে যাচ্ছি। আগামী ১২ এপ্রিল নগরীরর ধূপখোলা মাঠে জনগণকে সচেতন করার লক্ষ্যে এই মহড়া অনুষ্ঠিত হবে।

ভূমিকম্প মোকাবেলায় বৃহস্পতিবার অনুষ্ঠিত ঢাকা সিটি কর্পোরেশনে আয়োজিত এক জরুরী সভায় তিনি আরও বলেন, এটা ঠিক যে আমরা এখনও ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলার স্তরে পৌছাতে পারিনি, কিন্তু এই প্রস্তুতি মহড়ার মাধ্যমে আমরা তা শুরু করতে চাই।

ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা বলেন, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঢাকা মহানগর ঘনবসতিপূর্ণ হওয়ায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজ সত্যিই কষ্টসাধ্য হয়ে পড়বে। বিশেষ করে পুরান ঢাকা অধিক ঘনবসতিপূর্ণ ও এখানকার ভবগগুলো বেশি পুরাতন বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, মানুষের জীবন বাচাতে আমরা রাজউক এবং অন্যান্য কর্তৃপক্ষের সহায়তায় অতি পুরাতন ভবনগুলো চিহ্নিত করে ভেঙে ফেলার কাজ শুরু করব।

রাজধানী ঢাকা ছাড়াও বন্দর নগরী চট্টগ্রাম ও সিলেটেও ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। এ দুটি শহরের নতুন নির্মিত ভবনগুলোতে ভবন নির্মান নীতিমালা মানা হচ্ছে না।

এদিকে সরকার ঢাকা, সিলেট এবং রংপুরে তিনটি ভূমিকম্প পর্যবেক্ষন কেন্দ্র নির্মানের পরিকল্পনা নিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক সমরেন্দ্র কর্মকার বিডিনিউজকে বলেন, পর্যবেক্ষণ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার টেণ্ডার এই অর্থ বছরের মধ্যে দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশের ভূমিকম্পবিশারদরা ভূমিকম্প পর্যবেক্ষনের জন্য গ্লোবাল টেলিটক নেটওয়ার্কের সাথে যোগাযোগ স্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ভূমিকম্পের কোনও তথ্যের জন্য বাংলাদেশকে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ রিপোর্টের দিকে তাকিয়ে থাকতে হয়।