নীলফামরীতে কাঁচা মরিচের দাম কমে যাওয়ায় চাষীরা হতাশ
নীলফামারী জেলার বিভিন্ন হাট-বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে মাত্র দেড় থেকে দুটাকায়।
গত বছর মরিচ বিক্রিতে ভালো মুনাফা হওয়ায় এবারও নীলফামারীর ডোমার উপজেলার কৃষকরা প্রচুর মরিচ চাষ করে এবং ফলনও বেশ ভালো হয়। এবার মরিচের বাজারে ধ্বস নামায় উৎপাদন খরচ তুলতেই চাষীরা হিমশিম খাচ্ছেন।
জেলায় মরিচের প্রসিদ্ধ হাট ডিমলার বাবুরহাট, খালিশাচাপানী মাদ্রাসা হাট এবং জলঢাকার গোলনাহাটে ৩০ মার্চ সরেজমিন ঘুরে দেখা যায়, মাত্র ৬০/৭০ টাকা মন দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। এতে করে কৃষকদের উৎপাদন খরচই উঠছে না।
ঢাকার কারওয়ান বাজরের মরিচ ব্যবসায়ী আবুল কাশেম জানান, আগে ডোমার ও ডিমলা এলাকার সব মরিচ ঢাকায় যেত কিন্তু গত বছর দাম বেশ বেড়ে যাওয়ায় দেশের অন্যান্য এলাকা থেকেও তারা মরিচ সংগ্রহ করেন এবং এতে ডিমলা ও ডোমারের চাষীরা মরিচ বিক্রির ক্ষেত্রে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
