কৃষি ভর্তুকি প্রদানে অর্থ মন্ত্রণালয়ের বিলম্বে সংসদীয় কমিটির হতাশা
সেচকার্যে ভর্তুকি ছাড়ে অর্থ মন্ত্রণালয়ের বিলম্বের কারণে সংসদীয় কমিটি হতাশা প্রকাশ করেছে। এখন আর ভর্তুকির প্রয়োজন নেই বলেও কমিটি মত প্রকাশ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
ডিজেল চালিত পাম্প দিয়ে সেচ কাজের জন্য সরকারের ২.৮১ বিলিয়ন টাকা ভর্তুকি হিসেবে দেওয়ার কথা ছিল।
এ বিষয়ে কৃষি মন্ত্রী এম কে আনোয়ারের কাছ থেকে হতাশজনক চিত্র জানার পর কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বুধবার এক সভায় অর্থ মন্ত্রণালয়কে ভর্তুকির অর্থ আগামী মৌসুমের জন্য রেখে দেওয়ার প্রস্তাব করে ।
সভায় কৃষি মন্ত্রী জানান, তিন মাস আগেই অর্থ মন্ত্রণালয়কে সেচ কাজের জন্য ভর্তুকির অর্থ প্রদান করার অনুরোধ করা হয়েছিল। সেচ মৌসুম শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখনও ওই অথের্র বরাদ্দ দেওয়া হয়নি।
সংসদীয় কমিটির চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, অর্থ মন্ত্রণালয়কে বারবার স্মরণ করে দেওয়া সত্ত্বেও সেচ কাজের জন্য বরাদ্দকৃত ভর্তুকি ছাড় করা হয়নি।
প্রকৃত কৃষকদের হাতে সারের ভর্তুকি না পৌছানোর জন্যও সভায় সরকারি ও বিরোধী দলের সদস্যরা সমালোচনা করেন।
ইউরিয়া সারের জন্য ভর্তুকি ছিল ৩.১৪ বিলিয়ন টাকা আর টিএসপি, এমওপি ও ডিএপি সারের জন্য ভর্তুকি ছিল ২.৭১ বিলিয়ন টাকা।
ময়মনসিংহের ফুলপুরের সংসদ সদস্য শাহ শহীদ সারওয়ার বলেন, ক্ষমতাসীন দলের সদস্য হিসেবে আমরা কিছু বলতে পারি না, কিন্তু বাস্তব অবস্থা হলো আমার নির্বাচনী এলাকায়ও সারের জন্য বরাদ্দকৃত ভর্তুকির ক্ষেত্রে লুটপাটের ঘটনা ঘটেছে। তিনি বলেন, কৃষকদের শুধু কাগজে কলমে ভর্তুকি দেওয়া হয়েছে, কিন্তু ভর্তুকির অর্থ চলে যাচ্ছে ডিলার ও স্থানীয় প্রভাবশালীদের পকেটে।
আওয়ামী লীগের সাংসদ মোতাহের হোসেন সভাকে জানান তিনি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারি ও গাইবান্ধা জেলার কৃষকদের পাশাপাশি ২২ জন ডিলারের সাথে কথা বলেছেন। কিন্তু ভর্তুকির অর্থ পেয়েছেন এমন কোন কৃষককে খুঁজে পাননি বলে তিনি সভাকে অবহিত করেন।
কমিটির চেয়ারম্যান আব্দুল মান্নানও বলেন, প্রকৃত কৃষকরা ভর্তুকির সুবিধা পাননি।
ক্ষমতাসীন ও বিরোধী দলের সাংসদরা একযোগে অভিযোগ করেন যে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) চোখ বুঁজে স্বাক্ষর করছেন, এতে কৃষকরা ভর্তুকির সুবিধা পাচ্ছেন না।
খুলনার একটি সার কোম্পানি নিুমানের মিশ্র সার সরবরাহ করছে বলে সভায় আওয়ামী লীগের সাংসদ আব্দুর রাজ্জাক অভিযোগ করেন। তিনি বলেন যে মিশ্র সার ব্যবহার করে কৃষকরা উপকৃত হননি।
সভায় প্রতিটি জেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে (বিএডিসি) সারের গুনাগুন পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়।
সংসদীয় কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি প্রতিমন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও মাওলানা আব্দুল আজিজ।
