বাপেক্স এমডির বিরুদ্ধে অভিযোগ গঠন
ছাতক গ্যাস ফিল্ডের ট্যাংরাটিলা দুর্ঘটনার জন্যে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ বাসেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার পেট্রোবাংলার পক্ষ থেকে দেয়া এক আদেশে তাকে ৭ দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থন করতে বলা হয়েছে।
জানা গেছে, আত্মপক্ষ সমর্থনের পর পেট্রোবাংলা এক সদস্যের একটি কমিটি গঠন করবে। কমিটি পুরো বিষয় পর্যালোচনা করে সংস্থার সার্ভিস রুল এবং বিধি অনুসারে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালকের ব্যাপারে সুপারিশ পেশ করবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাক্টশন কোম্পানি লিঃ (বাপেক্স) সরকার পরিচালিত পেট্রোবাংলার একটি কোম্পানি।
ট্যাংরাটিলা দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে চলতি মাসের গোড়ার দিকে জ্বালানি মন্ত্রণালয় থেকে বাপেক্স ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়।
