নীলফামারিতে সাংসদের বিরুদ্ধে দলীয় কর্মীদের পোষ্টার
নীলফামারী-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ড. হামিদা বানু শোভার বিপক্ষে পোস্টারিং করেছে স্থানীয় আওয়ামী লীগ। সাংসদের পক্ষে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিম হায়দার অপু দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করায় ফুঁসে উঠেছে দলীয় নেতা-কর্মীরা।
বৃহষ্পতিবার ডোমার থানায় দায়ের করা এই মামলার আসামী হয়ে পুরো উপজেলার আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘর ছাড়া হয়েছে। গ্রেফতার এড়াতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে তারা।
মামলায় ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ ও জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ফরহাদ আজাদসহ অজ্ঞাত আরো ৫/৬ জন দলীয় নেতাকর্মীকে আসামী করা হয়। অজ্ঞাত ওই আসামী ধরতে পুলিশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বাড়ি বাড়ি গ্রেফতার অভিযান শুরু করেছে।
এদিকে সোমবার আবুল কালাম আজাদ ও ফরহাদ আজাদ প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আদালত থেকে জামিন পেলেও অজ্ঞাত ওই নেতাকর্মীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
দলীয় নেতাকর্মীরা অভিযোগ করেছেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগকে না জানিয়ে মঙ্গলবার রাতে উপজেলার ডুগডুগিরহাটে সাংসদ ড. হামিদা বানু শোভা সমাবেশ করেন। সেখানে ইউনিয়ন কমিটির নেতারা উপস্থিত হয়ে সাংসদকে তাদের অভিযোগ জানানোর সময় একপর্যায়ে কয়েকজন নেতা-কর্মী ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা সভামঞ্চের একটি টেবিল উল্টে ফেলে। এই ঘটনায় সাংসদের পক্ষে মামলা করা হয়।
এ ব্যাপারে সাংসদ শোভার সাথে যোগাযোগ করা হলে তিনি এড়িয়ে যান। বলেন, এ নিয়ে পরে কথা হবে।
