বাংলাদেশের সাথে সংস্কৃতি বিনিময়ে ডেনমার্কের আগ্রহ
উভয় দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে ডেনমার্ক বাংলাদেশের সাথে সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরে আগ্রহী। সোমবার ঢাকায় নিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত নেইল্স সেবেরিন মুঙ্ক এ আগ্রহের কথা ব্যক্ত করেন।
যোগাযোগের ওপর সম্পর্ক নির্ভর করে এবং সাংস্কৃতিক বিনিময় হলো সম্পর্ক বিস্তারের সবচেয়ে উল্লেখযোগ্য মাধ্যম। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্যদানকালে তিনি এ কথা বলেন।
বিখ্যাত ডেনিশ রূপকথার শিল্পী হান্স এণ্ডারসনের দ্বিশত জন্মবার্ষির্কী উপলক্ষ্যে দু’মাস ব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শিল্পকলা একাডেমি এবং ডেনিশ দূতাবাসের সহায়তায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ‘বাংলাদেশ-ডেনমার্ক সাংস্কৃতিক বিনিময় উৎসব’ নামে এ কর্মসূচীর আয়োজন করবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে শিল্পী মোস্তফা মনোয়ার এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক আহাম্মদ নাজির উপস্থিত ছিলেন।
