২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রব্বানী হত্যা মামলার শুনানি শুরু

চাঞ্চল্যকর কমোডর গোলাম রব্বানী হত্যা মামলার শুনানি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে সোমবার শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 08:09 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

মামলার বাদি পক্ষের আইনজীবী অ্যাড. আহসানুল হক হেনা সোমবার সকালে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম. হাসান ইমামের সামনে রব্বানী হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ তুলে ধরেন এবং দায়ী আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করছেন স্পেশাল পিপি অ্যাড. কামরুল ইসলাম সাজ্জাদ।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১১ এপ্রিল প্রকল্প এলাকায় যাওয়ার পথে নগরীর মুরাদপুর এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান ও কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর গোলাম রব্বানীর মাইক্রোবাস থামিয়ে গুলি করে।

পরে গুরুতর আহতাবস্থায় তাকে ব্যাংককের একটি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত বছরের ১ নভেম্বর থেকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার কার্যক্রম চলছে।

আদালত ৪৯ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করেছে। চার্জশিটভুক্ত আট আসামির মধ্যে ছয় জন জেল হাজতে এবং বাকি দু’জন পলাতক রয়েছে।