২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পপি চাষ বন্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেড এলার্ট

দেশে পপি চাষ শুরু হয়েছে। এ পরিস্থিতিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশব্যাপি রেড এলার্ট জারি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

চলতি মাসের শুরুতে চাপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় তিনটি পপি বাগানের সন্ধান ও বান্দরবান জেলায় ব্যাপক হারে পপি চাষ হওয়ার খবরের পরিপ্রেক্ষিতে অধিদপ্তর এই পদক্ষেপ গ্রহণ করে।

অধিদপ্তর সূত্র জানায়, ৬ মার্চ রেড এলার্ট জারি করার পর তা দপ্তরের সব শাখায় জানানো হয়েছে। এ সংক্রান্ত চিঠি চট্টগ্রামের শাখাগুলোতে পৌঁছে ২২ মার্চ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তরের গোয়েন্দা শাখা সূত্র জানিয়েছে, সম্প্রতি ‘পোস্তার দানা’ হিসেবে বেশ কিছু গাছ দেশের বিভিন্ন এলাকার গরীব কৃষকের মাঝে ও নার্সারীতে বিলি করা হয়েছে।

পোস্তার দানা দামী মসলা হিসেবে পরিচিত। ফলে সহজেই এই গাছ সাধারণ কৃষকের মনোযোগ আকর্ষণ করে। আবার দুর্লভ হওয়ার কারণে নাম না জেনে অনেকে টবে এই গাছ লাগান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তরের চট্টগ্রাম গোয়েন্দা অঞ্চলের উপ-পরিচালক কাজী শফিকুল আলম বিডি নিউজকে বলেছেন, মূলত পপি ফলের ভেতরের অংশ সাধারণ মানুষের কাছে পোস্তার দানা হিসাবে পরিচিত।

পপি ফলের রস থেকে পর্যায়ক্রমে আফিম, মরফিন ও হেরোইন তৈরি হয় বলে তিনি উল্লেখ করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক একেএম দানীশ বিডিনিউজকে বলেছেন, রেড এলার্ট পাওয়ার পর নার্সারী, পাহাড়ী এলাকাসহ সন্দেহজনক স্থানগুলোতে নজরদারি বাড়ানো হচ্ছে।

সাধারণ মানুষ এমনকি দপ্তরের অনেক কর্মকর্তা-কর্মচারি পপি গাছের সাথে পরিচিত না হওয়ায় এই গাছ চিহ্নিত করা কষ্টকর বলে তিনি উল্লেখ করেন।

দপ্তরের গোয়েন্দা শাখা সূত্র আরও জানিয়েছে, সীমান্তবর্তী এলাকাগুলোতে পপি চাষ হওয়ার সম্ভাবনা বেশী।

চট্টগ্রাম অঞ্চলের বান্দরবান জেলায় পপি চাষ হচ্ছে, এটা নিশ্চিত হওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্থানীয় প্রশাসন, বিডিআর ও সেনাবাহিনীর সহায়তা চেয়েছে। সূত্র জানায়, গোল্ডেন ট্রায়াঙ্গালের নিকটবর্তী হওয়ায় বান্দরবান জেলায় পপি চাষের সম্ভাবনা বেশী।

এমনিতে বান্দরবান জেলায় ব্যাপক হারে তামাক চাষ হয়। তামাক চাষের আড়ালে চলতি বছর বান্দরবান জেলার থানচী সীমান্তের সাঙ্গু রিজার্ভ এলাকার তিন্দু ও রোমাক্রী ইউনিয়ন ও আলী কদমের তৈন ইউনিয়নে পপি চাষের খবর পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসব এলাকায় তিনশ একর জমিতে পপি চাষের সাথে প্রায় দুশ শ্রমিক জড়িত রয়েছে ।