হোটেল কর্মচারীদের হামলায় কক্সবাজার কলেজের ১০ ছাত্র আহত, হোটেল ঘেরাও
কক্সবাজারের অভিজাত হোটেল সী-গালের কর্মচারীদের হামলায় কক্সবাজার সকরারী কলেজের অন্তত ১০ ছাত্র আহত হয়েছে। এদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় কক্সবাজার আল ফুয়াদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তুচ্ছ ঘটনায় শনিবার সন্ধ্যায় হোটেল কর্মচারী ও কলেজ ছাত্রদের মধ্যে এই সংঘর্ষ ঘটে। এর জের ধরে ছাত্ররা হোটেল ঘেরাও করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সমঝোতার ব্যবস্থা করেছে।
সংশ্লিষ্ট সূত্র গুলো জানিয়েছে, শনিবার স্বাধীনতা দিবসে কক্সবাজার সরকারী কলেজের একদল ছাত্র সী-গাল হোটেলের সামনের সৈকতে ক্রিকেট খেলার উদ্যোগ নিলে হোটেল কর্মচারীরা বাধা দেয়। তারা কলেজ ছাত্রদের ধাওয়া এবং মারধর করে। এতে আহত ছাত্রদের মধ্যে একটি ছাত্র সংগঠনের জেলা সভাপতিও রয়েছে।
এঘটনা শহরে জানাজানি হলে স্থানীয় একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত হোটেলটি ঘেরাও করে রাখে। পরে কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের মধ্যে সমঝোতার ব্যবস্থা করেন।
জানা যায়, হোটেল কর্তৃপক্ষ আহতদের জন্য ২৫ হাজার টাকা চিকিৎসা খরচ দিয়ে ঘটনাটি মীমাংসায় আনে।
সী-গাল হোটেলের জেনারেল ম্যানেজার ইন্দ্রনীল মজুমদারের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি সংঘর্ষের সত্যতা স্বীকার করেন। তবে টাকা দিয়ে সমঝোতার কথা অস্বীকার করেন।
এ ব্যাপারে ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি শফিউল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কক্সবাজার কলেজের বিভিন্ন বর্ষের একদল ছাত্র স্বাধীনতা দিবসে সৈকতে ক্রিকেট খেলার চেষ্টা করলে হোটেল কর্মচারীরা ছাত্রদের ওপর চড়াও হয়। দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কর্মচারীরা ধারালো অস্ত্র দিয়ে ছাত্রদের আঘাত করে।
