২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেনেগ হামলা তদন্তে এফবিআই হবিগঞ্জে কাজ শুরু করেছে

আওয়ামী লীগ নেতা সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ড তদন্তে যুক্তরাষ্ট্রের এফবিআই দল রোববার হবিগঞ্জে কাজ শুরু করেছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

তিন সদস্যবিশিষ্ট দলটি দিনব্যাপি গ্রেনেড হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং  এ মামলায় গ্রেপ্তারকৃত আট আসামির সাথে জেলা কারাগারে কথা বলেন।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, তারা সকাল ১০টায় হবিগঞ্জে আসেন। ১১টায় গ্রেনেড হামলার ঘটনাস্থল বৈদ্যের বাজারে যান। সেখানে ভিডিও ও স্থির চিত্র ধারণ করেন। এ সময় এফবিআই তদন্ত দলে ট্রুং এম ভুর সাথে ছিলেন ব্রেইন আর পিটারসন ও নিকোলাস সি পোটার।

এছাড়া, সিলেট রেঞ্জের ডিআইজি একেএম মাহফুজুল হক, হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, বিস্ফোরক মামলার তদন্তকারী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম শফিউজ্জামান ও গোয়েন্দা সংস্থার অন্যান্য সদস্য।

দুটি পাজেরো জিপসহ চার/পাঁচটি গাড়ি নিয়ে সকাল ১১টায় দলটি বৈদ্যের বাজারে যায়। সেখানে তারা প্রায় এক ঘন্টার মতো অবস্থান করেন। এ সময় বৈদ্যের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ভিডিও ক্যামেরা দিয়ে স্থানটির চিত্র ধারণ করেন। তখন সিলেটের ডিআইজি একটি ম্যাপের মাধ্যমে হামলাকারীদের অবস্থান এবং ঘটনাস্থলগুলো তাদের দেখিয়ে দেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে দলটি পায়ে হেঁটে বৈদ্যের বাজারে অবস্থিত এ হত্যা মামলার অন্যতম আসামি জমির আলীর স’মিলে যান এবং স’মিলের কর্মচারী ও হত্যা মামলার সাক্ষী ইদ্রিস আলীর সাথে কথা বলেন।

বৈদ্যেরবাজার পরিদর্শন  শেষে দলটি বেলা ১২টায় হবিগঞ্জ জেলা কারাজারে গ্রেফতারকৃত ও চার্জশিটভুক্ত আসামি জেলা বিএনপির সহসভাপতি একেএম আবদুল কাইয়ুমসহ আট জনের সাথে তারা প্রায় এক ঘন্টা কথা বলেন।

এফবিআই দলটি পরে আবার জেলা কারাগারে আসে বেলা তিনটায়। এ সময় তারা কারাবন্দী আসামিদের সাথে আরো আড়াই ঘন্টা আলোচনা করে বিকেল সাড়ে চারটায় বেরিয়ে যান। এফবিআই দলটি সোমবার হবিগঞ্জ ত্যাগ করবে।

এর আগে গত ২৩ মার্চ এফবিআই দলটি ঢাকা আসে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে।