সাতক্ষীরায় ৪৫ দিন পর কবর থেকে লাশ উত্তোলন
সাতক্ষীরায় আদালতের নির্দেশে ৪৫ দিন পর রোববার ময়নাতদন্তের জন্য এক যুবকের লাশ কবর থেকে তোলা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার জোড়দিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহর (১৭) লাশ গত ১০ ফেব্র“য়ারি তাদের মাছের ঘের থেকে উদ্ধার করা হয়। এলাকায় ব্যাপকভাবে প্রচার হয় যে, তাকে জ্বিনে মেরে ফেলেছে। ফলে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়েছিল।
পরে মাসুম বিল্লাহকে হত্যা করা হয়েছে বলে এলাকায় সন্দেহ ছড়িয়ে পড়লে এক মাস পর গত ১০ মার্চ তার পিতা বাদি হয়ে সাতক্ষীরা আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় মাসুম বিল্লাহর চার মামাসহ পাঁচ জনকে আসামি করা হয়।
বাদির আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট গত ২৪ মার্চ ময়নাতদন্তের জন্য লাশ কবর থেকে তোলার নির্দেশ দেন। সাতক্ষীরা আদালতের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এমআই সিদ্দিকীর উপস্থিতিতে রোববার মাসুম বিল্লাহর লাশ কবর থেকে তোলা হয়।
