২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ সদস্য সামসুদ্দীন আহমেদ এছাক মারা গেছেন

নরসিংদী-১(সদর) থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য আলহাজ্ব সামসুদ্দীন আহমেদ এছাক রোববার বিকেল পৌনে ৩টায় ঢাকার কমফোর্ট হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি .......রাজিউন)।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 06:47 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও কিডনী সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে, চার মেয়ে ও আত্মীয় স্বজনসহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুম এছাক ১৯৭৩ সালে নরসিংদী পৌরসভার ভাইস চেয়ারম্যান, ১৯৮৪ সালে চেয়ারম্যান এবং ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি বিটিভি ও রেডিও বাংলাদেশের নিয়মিত গীতিকার এবং স্থানীয় সাপ্তাহিক ‘আরশীতে মুখ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন।

সাংসদ সামসুদ্দীন আহমেদের মৃত্যুতে স্থানীয় বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুমের পারিবারিক ও দলীয় সূত্র জানান, সোমবার সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং সকাল ১১টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে দাফনের জন্য লাশ নরসিংদীতে নেওয়া হবে।