২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএস প্রশ্ন ফাঁসে রিট আবেদন

২৫তম বিসিএস লিখিত পরীক্ষার গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হওয়ায় পরীক্ষাটি বাতিলের দাবিতে রোববার হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। গত ২৪ ফেব্র“য়রি অনুষ্ঠিত এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

রিট আবেদনের শুনানির পর কেন ওই বিষয়ের পরীক্ষা বাতিল করে  নতুন করে পরীক্ষাটি অনুষ্ঠানের নির্দেশ দেয়া হবে না, হাইকোট এই মর্মে সরকারকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে। 

বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি এএফএম আব্দুর রহমান’র সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ আগামী তিন সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্যে সরকারের প্রতি নির্দেশ দেন।

গণফোরামের ছাত্র সংগঠন জাতীয় ছাত্র ধারার সভাপতি মাহফুজ আকরাম এবং মোহাম্মদ রাশেদসহ দুজন পরীক্ষার্থী এই রিট পিটিশনটি দায়ের করেন।  

গত মাসের ২৪ তারিখ অনুষ্ঠিত ২৫তম বিসিএস পরীক্ষার গণিত ও দৈনন্দিন বিজ্ঞানের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র আগের রাতেই ফাঁস হয়ে যায়। পরীক্ষা শুরুর আধঘন্টা আগে রমনা থানায় এ ব্যাপারে একটি জিডি করা হয়। প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত রিপোর্টও বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়।

পিএসসি’র চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক এবং সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবকে দায়ী করে রিট আবেদনটি দাখিল করা হয়।

আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন ড.কামাল হোসেন ও এ্যডভোকেট শেখ আখতারুল ইসলাম। অন্যদিকে সরকারপক্ষে মামলা পরিচালনা করেন সহকারি এটর্নি জেনারেল রাজিক-আল-জলিল।